পানিতে ডুবে মাইজবাড়ী’র ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
শহরতলির মাইজবাড়ীর এক কিশোর এবং এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার বিকালে শহরের বাওনের বিল থেকে গরু আনতে গিয়ে বাওনের খাড়া পারাপার হবার সময় এরা নিখোঁজ হয়। রোববার দুপুরে সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা বাওনের খাড়া (ছাট খাল বা নদী) থেকে এই দু’জনের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজবাড়ী’র শাহিদ আলী’র ছেলে রুবেল মিয়া (১৮) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় হাসান (১০) বাওনের বিল থেকে গরু আনতে যায়। বাওনের খাড়া নামের খাল পার হয়ে যাওয়ার সময় প্রথমে শিশু হৃদয় পানিতে ডুবে যায়। হৃদয়কে বাঁচাতে গিয়ে রুবেল এগিয়ে গেলে দুজনেই নিখোঁজ হয়ে পড়ে। সন্ধ্যায়     
গরু বাড়িতে আসার পর রুবেল ও হৃদয়ের খোঁজাখুঁজি শুরু হয়। রোববার সকাল ১০ টায় ঘটনাস্থলে হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে সিলেট ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রুবেলের লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী জানান, ‘নিহত শিশু ও কিশোরের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের হেফাজতে নেওয়ার আবেদন করেছে।’