পিছুটান নেই

রোকেস লেইস
মানুষেরা পিছু ফিরে চায়
আমি ফেলে যাই
পিছনে পিছন।

দেশতো পেয়েছি
আঁচড়ে বিক্ষত,তবুতো স্বদেশ
পেয়েছি যেমন পেয়েছি যখন
দেশটা আমার
গড়ছি কতোটা,এইটুকু সার।

মানুষেরা পিছু ফিরে চায়
বলে,শ্মশান এ-ভূমি শত্রু ছোবলে
তারা খোঁজে ফিরে পাঁজরের হাড়ে
নখের আঁচড়।

দেশটা আমার প্রতি কণা ধুলা
প্রতি ফোটা জল, এখন কেবল
সবল ছোঁয়ায় হতে পারে সোনা
হীরক স্ফটিক।

আমি ঢেলে দিই
নমিত নিঃশ্বাস,
জননী আমার
বাহারি সবুজ আঁচলে জড়ায়।
                                     ২৮০৩৮৯