পীর হাবিব বুকের ভিতরে থাকবে- প্রণব সাহা

স্টাফ রিপোর্টার
সিনিয়র সাংবাদিক ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা বলেন, একজন বন্ধুর স্মরণ সভায় স্মৃতিচারণ করা সত্যিই কঠিন। এতো তাড়াতাড়ি হাবীবের চলে যাওয়ার কথা ছিলো না। তাঁর সাথে আমাদের সুনামগঞ্জে জোছনা দেখতে আসার কথা ছিলো। যখন সে ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলো, তখনও হোয়াটসআপে সেই আলোচনা হয়েছিলো। কিন্তু জোছনা দেখা আর হলো না। সুনামগঞ্জে আসতে হলো তাঁর স্মরণ সভায়। পীর হাবিব আমাদের বুকের ভিতর ছিলো, চিরকাল থাকবে।
শুক্রবার বিকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভায় এসব কথা বলেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এক সাথে পড়াশোনা করি নি, কিন্তু আমরা রাজপথে একসাথে পাশাপাশি ছিলাম। দেশের বিভিন্ন উপজেলায় একসাথে গিয়েছি রাজনৈতিক সভা সমাবেশ কাভার করার জন্য।
তিনি বলেন, ২০১৩ সালে বয়সের পঞ্চাশ বছর উদযাপন করতে চেয়েছিলো। আমাদের বন্ধুদের কাছে বিষয়টি বাড়াবাড়ি মনে হয়েছিল। সেটা নিয়ে আমার সাথে তাঁর ঝগড়া, আমাদেরকে বাধ্য করেছিলো লিখতে। এখন মনে হয়, হয়তো সে বুঝতে পেরেছিলো বেশীদিন আর সে থাকবে না। ২০১৪ সালে বইটি প্রকাশিত হয়। দেশে ও দেশের বাইরে পরিচিতিতে সে এগিয়ে ছিলো। তাঁর জন্য আপনারা প্রার্থনা করবেন সে যেনো ভালো থাকে।