পুত্রকে খুন করালেন বাবা

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে মাদকাসক্ত পুত্রকে পেশাদার খুনী ভাড়া করে খুন করিয়েছেন বাবা। এ ঘটনায় বুধবার রাতে বাবা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সুনামগঞ্জ বিচারালয়ের তাহিরপুরের আমল গ্রহণকারী আদালতের বিচারক খালেদ মিয়া পুত্র খুনের দায়ে গ্রেপ্তারকৃত বাবাকে জেল হাজতে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, গত ২১ মে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর পাড়ে মাহারাম গ্রামের জাহাঙ্গীর আলম (২৮) খুন হয়। খুনের ঘটনায় জাহাঙ্গীর আলমের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে প্রতিবেশি আহসান হাবিব (২২), মো. সোলাইমান (২২) ও পাশের করইতলা গ্রামের তৌফিকুল ইসলাম ভুঁইয়া (২৮) কে আসামী করে খুনের মামলা দায়ের করেন। এই তিন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার সময় এরা খুনের সঙ্গে জড়িত কি-না এই নিয়ে সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশ সুরুজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করে।
সুরুজ মিয়া পুলিশের কাছে স্বীকার করে এই খুনের ঘটনার সঙ্গে সে জড়িত ছিল। সে জানায় জাহাঙ্গীর আলম নেশাগ্রস্ত ছিল। সে তার পরিবারের লোকজনকে অত্যাচার করতো। জাহাঙ্গীরের অত্যাচার থেকে রক্ষা পেতে তার পিতা মোহাম্মদ আলী পেশাদার অপরাধী সুরুজ মিয়া ও সেকান্দার আলীকে ২০ হাজার টাকায় ভাড়া করে। সুরুজ মিয়া এর আগে ২ খুনের মামলায় ১৭ বছর জেলে ছিল এবং সেকান্দার আলীও ডাকাতির মামলায় জেল খাটে।
খুনের ঘটনার আগে সুরুজ মিয়া ৫০০ টাকা দেবার কথা বলে জাহাঙ্গীরকে মাহারাম নদীর পাড়ে ডেকে আনে। জাহাঙ্গীরকে খুন করার পর সুরুজ মিয়া মোবাইলে পুত্র জাহাঙ্গীরকে খুনের কথা জানায় তার বাবা মোহাম্মদ আলীকে। এক পর্যায়ে গ্রেপ্তারকৃত সুরুজ মিয়া আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যাকা-ের সকল তথ্য জানায়। পুলিশ অপর খুনী সেকান্দার আলীকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। সেও আদালতের কাছে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, ২০ হাজার টাকায় ভাড়া করা পেশাদার অপরাধী দিয়ে পুত্র জাহাঙ্গীর আলমকে খুন করিয়ে মোহাম্মদ আলী তার প্রতিবেশি মাহারাম গ্রামের আহসান হাবিব ও মো সোলাইমানকে এবং পাশের করইতলা গ্রামের তৌফিকুলকে ফাঁসাতে চেয়েছিলেন। তাদের সঙ্গে মোহাম্মদ আলীর জমিজমা নিয়ে বিরোধ ছিল।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, পুত্রকে খুন করানোর দায়ে বাবা মোহাম্মদ আলী এবং অন্য দুই পেশাদার খুনীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। মোহাম্মদ আলীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। মোহাম্মদ আলীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হবে বলে জানান তিনি।