স্টাফ রিপোর্টার
পুলিশ চাইলেই পারে। এটি বৃহস্পতিবার দিনভর শহরের গুরত্বপূর্ণ সড়ক স্টেশন রোড, আলফাত স্কয়ার, ডিএস রোড দিয়ে যারা গিয়েছেন তারা বুঝতে পেরেছেন। পুরাতন বাসস্টেশন থেকে মধ্যবাজার-পশ্চিমবাজার বা পুরাতন বাসস্টেশন থেকে ডিএস রোডের পৌর বিপণি- উকিলপাড়া পর্যন্ত অন্য যে কোন দিনের চেয়ে ভিড় বা জট ছিল কম। এই সড়কের বিরক্তিকর অবস্থা থেকে কিছুটা মুক্ত ছিলেন পথচারী বা যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে অন্য যে কোন সময়ের চেয়ে বেশি ট্রাফিক পুলিশ এবং পুলিশ এই সড়কগুলোয় ট্রাফিক কন্ট্রোল করেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন কিছু সিদ্ধান্তও সড়ক জট কমাতে সহায়তা করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের কালীবাড়ি’র সামনের সড়ক দিয়ে কেবল যানবাহন ঢুকতে পেরেছে, কিন্তু শহরের নতুনপাড়া, জামাইপাড়া, হাসননগর থেকে আসা যানবাহনকে এদিক দিয়ে বের হতে দেওয়া হয়নি। কালীবাড়ির পৌর মিনি মার্কেটের পয়েন্টেই ট্রাফিক কন্ট্রোল ছিল এবং সকল প্রকার পরিবহনকে জামাইপাড়া সড়ক দিয়ে পুরাতন বাসস্টেশন দিয়ে বের হবার নির্দেশনা দেওয়া হয়েছে। চেম্বার অব কমার্সের ভবনের সামনে থাকা ট্রাফিক পুলিশগণ এদিক দিয়ে কোন ইজিবাইক বা যাত্রীবাহি লেগুনা বা সিএনজি ঢুকতে দেননি। কেবল প্রাইভেট যান, রিক্সা ও মোটর সাইকেলের যাতায়াত ছিল এই সড়ক দিয়ে। আলফাত স্কয়ারের আশপাশে গাড়ি পার্কিং করতে দেওয়া হয়নি। একইভাবে সুরমা হকার্স মার্কেটের কাছে ফলপট্টি’র চৌমোহনায়ও পুলিশের অবস্থান ছিল, ট্রাফিক কন্ট্রোলও ছিল। এরফলে যানজট ছিল কম।
পৌর বিপণির ব্যবসায়ী মখলিছ আহমদ বলেন,‘এই অবস্থা থাকলেই হয়, ঈদের পরে আবারও দেখবেন আগের অবস্থা হতে পারে’।
ট্রাফিক সার্জেন্ট সালাউদ্দিন কাজল বলেন,‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে যানজট কমানোর জন্য এই ট্রাফিক কার্যক্রম শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে’।


