পুলিশ দেখেই বরের চম্পট

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকায় বিয়ে বাড়ীতে পুলিশ দেখে বউ রেখে বরের চম্পট দেয়ার ঘটনা ঘটেছে। তাহিরপুর সীমান্তবর্তী এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছেন টাঙ্গুয়া হাওরে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রিট।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উত্তর বড়দল ইউনিয়নের দিগলবাঘ গ্রামের বাহার উদ্দিনের ছেলে জহুরুল ইসলামের সঙ্গে উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ছিল। কনের বাড়ীতে বিয়ের সব আয়োজনও করা হয়েছিল। বিয়ের বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু, ছাগল, মুরগী জবাই করা হয়েছিল। বাড়ীর সামনে বিয়ের একটি গেইটও লাগানো হয়েছিল। দুপুর ২টার সময় বরসহ বরযাত্রীরা কনের বাড়ীতে এসে অপেক্ষা করছিলেন
কাজীর জন্য। কাজী এসে বর কনের নিকাহর পর তাদের খাওয়া দাওয়া হবে। এসময় বাল্য বিয়ের সংবাদ পেয়ে তাহিরপুর থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনের বাড়ীতে এসে হাজির হন। বর পুলিশ দেখেই বরযাত্রী নিয়ে দৌঁড় দেয়।
টাঙ্গুয়া হাওরের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রিট ফয়সল রায়হান জানান,  সীমান্তবর্তী একটি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রীর বিয়ের খবর পেয়ে আইনানুযায়ী বিয়েটি ভেঙ্গে দেই।’