পুলিশ পদক পাচ্ছেন আবু কায়সর চৌধুরী

স্টাফ রিপোর্টার
দায়িত্ব পালনে সাহসিকতা এবং জনগণের জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার পুলিশ পদক পাচ্ছেন সিলেট মহানগর পুলিশের সাবেক পরিদর্শক (কোর্ট) মরহুম চৌধুরী মো. আবু কায়সার দিপু। মরণোত্তর পুলিশ মেডেল দেয়া হবে দিপু সহ আরও দুইজনকে। গত বছর ২৫ মার্চ সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায়
সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। ঘটনায় দিপুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ জন ও আরেকজন বেসামরিক নাগরিক নিহত হন। শহরের নতুনপাড়ার (নিলয়-২) বাসিন্দা আবু কয়সর চৌধুরী দিপু ছিলেন সৎ ও মেধাবী পুলিশ অফিসার। শহরের জামাইপাড়া মডার্ণ ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন আবু কয়সর চৌধুরী দিপু। মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী ও মাতা হাসনা চৌধুরী’র ৮ সন্তানের মধ্যে ৩য় সন্তান জনপ্রিয় ক্রিকেটার দিপু।
এবার ১৮২ জন কর্মীকে পুরস্কৃত করতে যাচ্ছে পুলিশ। তাদেরকে বিভিন্ন পদক দেয়া হবে বাহিনীটির পক্ষ থেকে। এর আগে এক সঙ্গে এত বেশিসংখ্যক কর্মকর্তাকে কখনো পুরস্কৃত করেনি পুলিশ। চলতি বছর চারটি শাখায় সাহসিকতার জন্য ৩০ জনকে পুলিশ মেডেল বিপিএম দেয়া হবে। সেবার স্বীকৃতি হিসেবে ২৮ জন পাবেন একই পদক। আর সাহসিকতার জন্য ৭১ জনকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল বা পিপিএম দেয়া হবে। আর সেবার স্বীকৃতি হিসেবে এই পদক পাবেন ৫৩ জন।
উল্লেখ্য, জঙ্গি ও মাদকের প্রতিকার করার অঙ্গীকার নিয়ে আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এই আয়োজনেই এসব পদক তুলে দেয়া হবে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিন রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের প্যারেডে সালাম গ্রহণ করবেন ও পদক তুলে দেবেন।