পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
শিশু তুহিন হত্যা মামলার রায় নিয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার
বিকালে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম জানান, শিশু তুহিন হত্যা মামলার রায় অতি অল্প সময়ে হয়েছে। হত্যার ঘটনায় মাত্র ৫ মাসের মধ্যে সাক্ষ্য প্রমাণ হওয়ায় এই রায় দিয়েছেন আদালত। আদালতের রায়ে ন্যায়ু বিচার পেয়েছে বাদী পক্ষ। দুষ্কৃতিকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে। এটা বিচারকের, পুলিশের এবং গণমাধ্যমকর্মীসহ সকল সচেতনমহলের কৃতিত্ব। হয়তো বা এই প্রথম সুনামগঞ্জে কোনো হত্যা মামলার রায়ের মধ্যে শিশু তুহিন হত্যার বিচার কার্য অল্প সময়ে সম্পন্ন হয়েছে। তিনি জানান, আমাদের পুলিশ বাহিনী তুহিন হত্যা মামলার সাক্ষীদের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সাক্ষী প্রদানের ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের পুলিশের পক্ষ থেকে তরিৎগতিতে যা যা করার সবই করেছে। যাতে অল্প সময়ে ন্যায় বিচার পাওয়া যায়।
মতবিনিময় সভায় রেজিস্ট্রেশনবিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মটর বাইক বন্ধ, শহরে মটর সাইকেল ও বাসা-বাড়িতে চুরি বন্ধে অতিরিক্ত পুলিশের টহল বৃদ্ধি, মাদক বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনা এবং তাদের জীবনমানের উন্নয়ন করাসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।