পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- জগন্নাথপুর থানা ৩-১ গোলে জয়ী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শুরু হয়েছে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিকেল সাড়ে ৩ টায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শুরু হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি মো. কামরুল আহসান বলেন,‘ ফুটবল খেলা গ্রামগঞ্জের একটি জনপ্রিয় খেলা; এই খেলা হারিয়ে যায়নি। খেলাধুলায় বাংলাদেশ এখন অতীতের চেয়ে অনেক ভাল করছে। দেশের যুবক ছেলে-মেয়েরা মনযোগসহকারে খেলছে। যুবকরা প্রতিনিয়ত আশার আলো দেখাচ্ছে। অনেক দিন পরে হলেও পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর মধ্য দিয়ে সুনামগঞ্জের ফুটবল খেলা সামনে এগিয়ে যাবে। ’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবকতুল্লাহ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজির আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউনুল হক রাজা, পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-এর সদস্য সচিব হোসেন আহমদ রাসেল, সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, তাহিরপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।  DSC06486
উদ্বোধনী খেলায় জগন্নাথপুর থানা ফুটবল দল তাহিরপুর থানাকে ৩-১ গোলে পরাজিত করে। রবিবার খেলায় জগন্নাথপুর থানা দল প্রথমার্থের খেলায় তাহিরপুর থানা দলকে ১ গোল দেয়। খেলায় দ্বিতীয়ার্থে আরো দুইটি গোল করে জগন্নাথপুর থানা দল। তিনটি গোলের জবাবে তাহিরপুর থানা দল একটি গোল করে।
খেলায় সংক্ষিপ্ত আকারে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মনির হোসেন, সহকারি রেফারির দায়িত্বপালন করেন ফরিদ মিয়া, লিটন ও শাহীন মিয়া। আজ সোমবার সদর ও মধ্যনগর থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট জেলার ১২টি থানা চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। ক গ্রুপে রয়েছে সদর, শাল্লা ও মধ্যনগর থানা। খ গ্রুপে রয়েছে ছাতক, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ। গ গ্রুপে রয়েছে জগন্নাথপুর, তাহিরপুর ও ধর্মপাশা। ঘ গ্রুপে রয়েছে দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও দোয়ারাবাজার থানা।