বিজয় রায়, ছাতক
ছাতকে প্রতিবছরের ন্যায় এ বছরও পূজা মন্ডপগুলোতে ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করেছেন উৎসব কমিটিগুলো। রকেট, স্বর্ণমন্দির, রাজপ্রাসাদের আদলে সজ্জ্বিত করা হয়েছে এ বছরের পূজা মন্ডপগুলো। এ বছর উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ২৯টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উৎসব উপলক্ষে গত একমাস ধরে প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিযোগিতামূলক সাজ-সজ্জা। বিগত কয়েক বছর ধরে ছাতকের পূজা মন্ডপগুলো তাজমহল, রাজবাড়ি, টাইটানিক, বাংলাদেশ বিমান, সেভেন ষ্টার আল-ব্রজ টাওয়ারসহ অনেক নামী-দামী ও পৌরাণিক নিদর্শনের আদলে সজ্জিত করে দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়েছিল। পাশাপাশি আকর্ষণীয় ও নজরকাড়া লাইটিংয়ের মাধ্যমে পুজা মন্ডপগুলোকে অপরূপ করর প্রয়াসও দৃশ্যমান ছিল। সেই ধারাবাহিকতায় এ বছর শহরের কালীবাড়ি সার্বজর্নীন পূজা মন্ডপ সজ্জিত করা হয়েছে পৌরাণিক রাজপ্রাসাদের আদলে। সুউচ্চ প্রাসাদকে অপরূপ আলোকসজ্জায় সজ্জিত করে অনেকটা জীবন্ত করে তুলা হয়েছে রাজপ্রাসাদকে। প্রতিদিন রাজপ্রাসাদ পূজামন্ডপ দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন একনজর দেখার জন্য। কালীবাড়ি পূজা উৎযাপন কমিটির সভাপতি অলক চৌধুরী ও সাধারণ সম্পাদক অরুণ দাস জানান, ছাতকে সব সময়ই পূজা মন্ডপগুলোকে ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করা হয়। ভিন্ন ভিন্ন কমিটি তাদের নিজস্ব চিন্তা-চেতনা থেকে মন্ডপ তৈরী করে থাকেন। এ বছর আমরা রাজপ্রাসাদের আদলে মন্ডপ তৈরী করেছি । মাগুরার শিল্পীরা এ মন্ডপ তৈরি করেছেন। শহরের মন্ডলীভোগ পূজা মন্ডপকে সজ্জ্বিত করা হয়েছে রকেটের আদলে। এ মন্ডপেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। রকেটাকৃতি পূজামন্ডপ ও মন্ডপের আলোকসজ্জায় আগত পূণ্যার্থীদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন পরিকল্পনাকারীরা। সু-বিশাল পরিসরে তৈরি মহামায়া যুবসংঘের পূজামন্ডপ বহুদুর থেকে দর্শনার্থীকে আকর্ষণ করে থাকে। শহরের এক ঝাঁক যুবক মিলে মহামায়া যুব সংঘের নামে প্রতি বছর শারদীয় উৎসব পালন হয়। এ বছর তারা পূজামন্ডপ সাজিয়েছেন স্বর্ণমন্দিরের আদলে। কয়েক বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে ব্যয়বহুল এ উৎসব পালন করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। সব সময়ই তারা নতুনত্বের খুঁেজ মন্ডপে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করে থাকেন। শহরের হাসপাতাল রোডের ত্রি-নয়নী সংঘের রয়েছে আরেক বিশেষ আয়োজন। বিশাল পুকুর বেষ্টনী করে নির্মিত হয়েছে পূজামন্ডপ। পুকুরের মধ্যে দিনেই দর্শনার্থীদের প্রবেশ ও মূর্তি দর্শনের ব্যবস্থা করে তারা এ বছর সম্পূর্ণ নতুনত্ব এনেছেন। পুকুরের কোণায়-কোণায় স্থাপন করা হয়েছ ছোট-ছোট মন্দির। পূজা মন্ডপ বিশাল পুকুরকে অপরূপ সাজে সজ্জ্বিত করা হয়েছে। ত্রি-নয়নী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পূজাকে আকর্ষণীয় ও উৎসবমুখর করতেই তাদের এ আয়োজন বলে জানান।


