বিন্দু তালুকদার
জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই হেভিওয়েট চেয়ারম্যান প্রাথী দলীয় মনোনয়ন পেতে বেকায়দায় পড়েছেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ কিংবা স্বাধীনতা বিরোধী রাজাকারের কোন উত্তরসুরীদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না দেয়ার কেন্দ্রীয় ঘোষণায় দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তারা বেকায়দায় পড়ছেন।
গত মাসে দোয়ারাবাজার উপজেলার বেশ কয়েকবারের নির্বাচিত এক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতার বিরুদ্ধে কেন্দ্রে একই ধরনের লিখিত অভিযোগ করে তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছিল। প্রার্থীর পূর্বসুরীর স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের সকল তথ্য প্রমাণ কেন্দ্রে জমা দিয়ে আশানুরুপ ফল পাওয়ায় জগন্নাথপুর উপজেলার দলীয় মনোনয়ন প্রত্যাশীরা একই সুযোগ কাজে লাগাচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র জানিয়েছেন, জগন্নাথপুরের তিনটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের কাছে লিখিত তথ্য- প্রমাণ প্রদান করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করিম ইমন দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন, দুই প্রার্থীর বিরুদ্ধে এধরনের মৌখিক অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিনের পিতা ছাইম উদ্দিন ও আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানীর পিতা শাহ মদরিছ আলী একাত্তরের দালাল রাজাকার ছিলেন। তাদের নাম মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু সম্পাদিত ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ বইয়ের ১৮২ ও ১৮৩ নং পৃষ্ঠা ও সাংবাদিক অপূর্ব শর্মা সম্পাদিত সিলেটে যুদ্ধাপরাধী ও প্রাসঙ্গিক দলিলপত্র বইয়ে উল্লেখ রয়েছে।
তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন, পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন ও আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী।
এদিকে জাবেদুর রশিদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী নিজের ফেসবুক আইডিতে লিখেছেন,‘বাপ ৭১-এ ছিল জগন্নাথপুর থানা শান্তি কমিটির অন্যতম সদস্য। আর ছেলে এখন ইউনিয়ন আওয়ামী লীগ-এর সভাপতি এবং দলীয় প্রতীক প্রত্যাশি!!!’…সুত্রঃ রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ (পেজ নং ১৮২) লেখক: বজলুল মজিদ খসরু। জাবেদুর রশিদের পোস্টে শেখ রিপন জয় নামের আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন,‘সে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ।’
পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন নিজের পিতার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা দাবি করে বলেন,‘আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আমার টিকেট আটকানোর জন্য এসব মিথ্যা কথা বলছে। আমার বাবা মুক্তিযোদ্ধের সময় কষ্ট করে বহু মুক্তিযোদ্ধাকে খাবার সরবরাহ করেছেন। কেউ আমার বাবার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ করবে না। এলাকার মানুষকে বাচাঁনোর জন্য অনেক কিছু করেছেন তিনি।’ একাধিক বইয়ে কেন আপনার বাবার নাম ছাপা হল এবিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,‘এসব বিষয় আমার জানা নেই।’ তিনি আরো বলেন,‘ আমি দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। তবে দলের মনোনয়ন না পেলে বিদ্রোহি প্রার্থী হব না। আমার এত টাকা পয়সা নাই। আমি মনোনয়নের জন্য দলের প্রধান শেখ হাসিনার দিকে চেয়ে আছি। শুনেছি কিছু প্রার্থী টাকা নিয়ে ঢাকাসহ নানা জায়গায় ঘুরতেছে টিকেট কিনার জন্য।’
আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে ও আমাকে আওয়ামী লীগ থেকে দূরে সরানো এবং নির্বাচনে দলীয় মনোনয়ন আটকাতে আমার বাবার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। কোন বইপত্রে আমার বাবার নাম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীর তালিকায় ছাপা হয়েছে কিনা জানা নেই। শুনেছি আওয়ামী লীগের নেতাদের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করব কিনা এখনও সিদ্ধান্ত নেই নি।’
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন দৈনিক সুনামগঞ্জের খবরের জগন্নাথপুর অফিসকে বলেন,‘আমি একাত্তরের শহীদ পরিবারের সন্তান। একাত্তরের পরাজিত শক্তির উত্তরসুরীরা যাতে নৌকা প্রতীক না পায় সেদিকে নজর রাখব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করিম ইমন বলেন,‘ স্থানীয়ভাবে প্রার্থী বাছাই করে জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য দলীয় প্রার্থীদের নামের তালিকা আমাদের কাছে দেয়া হয়েছে। তবে আমরা ওই তালিকা নিয়ে কোন কাজ করিনি বা কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান বলে মৌখিক অভিযোগ পাওয়া গেছে, তবে কেউ লিখিত অভিযোগ করেন নি। এসব অভিযোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে অবশ্যই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। এসব ইউনিয়নের প্রার্থী বাছাইয়ে খুব সতর্কতা অবলম্বন করা হবে। আওয়ামী লীগের মৌলিক আদর্শের পরিপন্থী কোন সিদ্ধান্ত নেয়া হবে না।’
- জামালগঞ্জে পৃথক বলয়ের ১০ প্রার্থীর তালিকা দাখিল
- উন্নয়নের প্রশ্নে আমি দলমতে বিশ্বাস করি না -পীর মিসবাহ


