পূর্ব সদরগড়ে বাড়ির জায়গা নিয়ে মারামারি আহত ৬

স্টাফ রিপোর্টার
বাড়ির জায়গা নিয়ে মারামারির ঘটনায় দুই পক্ষের ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্বসদরগড় গ্রামে। মারামারির ঘটনায় নিহারী করের স্ত্রী সৌর বালা কর (৬২), ছেলে বিনন্দ কর ( ৪৫), অপর পক্ষের চিনু বর্মন (৫০) আহত হন। পরে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, শনিবার সকাল সাড়ে ছয়টায় নিহারী কর ও চিনু বর্মনের পরিবারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে  মারামারির ঘটনা ঘটে। বাড়ির জায়গা নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।
নিহারী করের    ভাতিজা অমিত কর বলেন, ‘আমার দাদা বিনন্দ কর ঘর তৈরির বাঁশ বাড়ির ভিতরে রাখায় বাধা দেন চিনু বর্মন ও পরিবারের লোকজন। আমরা নিজেদের জায়গায় বাঁশ রেখেছি বলে তারা আমাদের উপর আক্রমণ করে।’
চিনু বর্মনের ছেলে শিপন বর্মন বলেন, ‘আগে থেকে নিহারী করের পরিবারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে আমাদের বাড়ির সীমানায় রাখা তাদের বাঁশের উপর আমার বড় বোন পানি ফেলছিল। এতেই ক্ষুদ্ধ হন তারা। প্রথমে কথা কাটাকাটি হয়, পরে মারামারির ঘটনা ঘটে।’
রাত সাড়ে আটটায় উভয় পক্ষের লোকজন জানান, ‘এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’