স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলেছেন,‘জেলা আওয়ামী লীগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে বিভেদ থাকলে চলবে না। সবাইকে এক হয়ে দলের পক্ষে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। বিদেশে বাংলাদেশের আগে পরিচয় ছিল ভিক্ষুকের দেশ হিসেবে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর অল্প কিছু দিনের মধ্যে এই কলঙ্ক মোচন হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কেউ এখন না খেয়ে থাকে না। শেখ হাসিনা ১০ টাকা কেজি দরে দরিদ্র মানুষকে চাল দিচ্ছেন। তিনি জীবনে ঝুঁকি নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’
তিনি আরো বলেন,‘পৌর এলাকার জনগণ আমাকে যে ভালবাসা দিয়েছেন আর কোন মেয়র তা পান নি। কারণ সাধারণ মানুষের ভোটের রায়ে আমি দুই বার মেয়র নির্বাচিত হয়েছি, টাকা দিয়ে ভোট কিনে নয়। জনগণ আমাকে ভালবেসে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন।’
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পৌর আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনার জবাবে এসব কথা বলেন তিনি। রবিবার বিকেলে পৌরসভা চত্ত্বরে পৌর আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ রঞ্জন দে বাবুলের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড.স্বপন কুমার দেব, অ্যাড. আলী আমজদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, অ্যাড. মতিউর রহমান পীর, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাশ, অ্যাড.শফিকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান সুফিয়ান, অ্যাড. সৈয়দ শায়েক আহমদ, আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম সেফু, অ্যাড. শুকুর আলী, অ্যাড. চাঁন মিয়া, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সহ সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুলকে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পৌর কাউন্সিলরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


