অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়
সুনামগঞ্জ পৌরসভার ইস্যুকৃত পৌর কর নির্ধারণ সম্পর্কে অবগতিকরণ নোটিশ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। পৌরসভার নাগরিকবৃন্দের মনে একটা ধারণার জন্ম হয়েছে যে, মেয়র মনগড়া মতে হোল্ডিং ট্যাক্স ধার্যক্রমে নোটিশ ইস্যু করেছেন। এ নিয়ে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দসহ পৌরসভার নাগরিকদের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা করেছেন। পৌর ট্যাক্স সহনীয় পর্যায়ে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। এতদবিষয়ে আলোচনার সূত্রপাত করে পৌর মেয়র যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। পৌরসভার রাজস্ব সংগ্রহের প্রধান উৎস হলো পৌর নাগরিকদের নিকট হতে আদায়কৃত পৌর হোল্ডিং ট্যাক্স, উপ-কর, রেইট, টোল ও ফিস ইত্যাদি। এ সমস্ত রাজস্ব আদায়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যয় করে পৌরসভা পৌর নাগরিকদের নানা সেবা প্রদান করে এবং পৌরসভার নানা উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করে। মেয়র নেতৃত্বে গঠিত নির্বাচিত পৌর পরিষদ যেহেতু সরাসরি পৌর নাগরিকদের সাথে নানাভাবে সম্পৃক্ত থাকেন, সেহেতু যে কোনো বিষয়ে পৌর নাগরিকগণ সরাসরি পৌর মেয়র এর নিকট তাঁদের অভিযোগ, ক্ষোভ ও প্রস্তাবনা জানাতে পারেন এবং প্রয়োজনে উপদেশ ও পরামর্শ প্রদান করেন। তবে মেয়র কিংবা পৌর পরিষদ নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না বা সিদ্ধান্ত নিতে পারেন না। এক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পৌর কর সম্পর্কিত বিধিবদ্ধ আইন ও প্রণীত বিধিমালা আজকের এ আলোচনার প্রতিপাদ্য বিষয়।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৯৮ ধারা অনুসারে পৌরসভা সরকারের পূর্বানুমোদনক্রমে, ঐ আইনের তৃতীয় তফশীলে বর্ণিত সকল অথবা যে কোন কর, উপ-কর, রেইট, টোল ও ফিস ইত্যাদি আরোপ করতে পারে। এ আইনের তৃতীয় তফশীলে ২৯টি বিষয়ে কর, উপ-কর, রেইট, টোল ও ফিস ইত্যাদি আদায়ে পৌরসভাকে ক্ষমতা প্রদান করা হয়েছে। তন্মধ্যে ইমরাত এবং ভূমির বার্ষিক মূল্যের উপর কর, বাতি রেইট ও অগ্নিরেইট এবং ময়লা আবর্জনা অপসারণ রেইট উল্লেখযোগ্য। উক্ত আইনের ১০০ ধারায় স্পষ্টত: উল্লেখ করা হয়েছে যে, সরকার আদর্শ কর তফসিল প্রণয়ন করবে এবং এই আদর্শ কর তফসিলে উল্লেখিত করের পরিমাণ পৌরসভার জন্য নমুনা হিসেবে গণ্য হবে। এতে বুঝা যায়, কোন বিষয়ে করের পরিমাণ কত হবে তা সরকার আদর্শ কর তফসিলের মাধ্যমে নির্ধারণ করে দেন। পৌরসভার মনগড়া মতে করের পরিমাণ নিরূপণ করার কোনো অবকাশ নেই। তবে ইমরাত ও ভূমির মুল্যায়ণ করার এখতিয়ার সংশ্লিষ্ট পৌরসভার উপর ন্যাস্ত করা হয়েছে। সরকার প্রণীত বিধিমালা অনুসরণপূর্বক সংশ্লিষ্ট পৌরসভা ইমরাত ও ভূমির মূল্যায়ণ নিরূপণ করেন। তবে ঐ আইনের ১০৪ ধারা অনুযায়ী কর, উপ-কর, রেইট, টোল অথবা ইত্যাদি অথবা এতদসংক্রান্ত কোন মূল্যায়ণ অথবা কোনো ব্যক্তির উপর অনুরূপভাবে করের দায় সম্পর্কে যে কোন আপত্তি মেয়র বরাবরে নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা যায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২৮ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দ তারিখের এস.আর.ও নং ২৫৮ আইন/২০১৩ মুলে প্রচারিত প্রজ্ঞাপন দ্বারা প্রকাশিত পৌর কর আরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা ২০১৩ এর তৃতীয় অধ্যায়ে ইমরাত ও ভূমির উপর কর, বাতি রেইট, ময়লা আবর্জনা অপসারণ রেইট, পানির স্থাপনা বা পানি সরবরাহ ব্যবস্থার জন্য রেইট বিষয়ে বিধানাবলীর সন্নিবেশিত করা হয়েছে। বিধি ১৭ অনুযায়ী পৌরসভা (ক) ইমরাত ও ভূমির বার্ষিক মূল্যের উপকর (খ) বাতি রেইট (গ) অগ্নিরেইট (ঘ) ময়লা আবর্জনা অপসারণ রেইট এবং (ঙ) পানির স্থাপনা বা সরবরাহ ব্যবস্থার জন্য রেইট ধার্য করবেন। বিধি ১৮ অনুযায়ী পৌর কর্তৃপক্ষ কর মূল্যায়ণ তালিকা প্রস্তুত করেন। বিধি অনুযায়ী প্রতি ৫ (পাঁচ) বছর অন্তর অন্তর নতুনভাবে কর মূল্যায়ণ তালিকা প্রস্তুত করতে হয়। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো কর মূল্যায়ণ তালিকা প্রস্তুতের পদ্ধতি। পৌর নাগরিকদের ইমরাতের কর মূল্যায়ণ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে বিদ্যমান ইমরাতগুলোকে অসস্পূর্ণ ভাড়াকৃত ইমরাত এবং সম্পূর্ণ দখলকৃত ইমরাত প্রধানত: এই দুই ভাগে ভাগ করা হয়েছে। অসম্পূর্ণ ভাবে ভাড়া দেয়া ইমরাতের ক্ষেত্রে কর মূল্যায়ণ তালিকা প্রস্তুতের পদ্ধতি নিন্মরূপ:
(১) ইমরাতের বার্ষিক ভাড়া হিসাব করে বাৎসরিক ভাড়া হতে রক্ষণাবেক্ষণের জন্য দুই মাসের ভাড়া বাদ দিতে হবে।
(২) ইমরাতটি যদি আবাসিক উদ্দেশ্যে তৈরী করা হয় এবং ইমরাতটি নির্মাণের তহবিল যদি সরকার, ব্যাংক, গৃহনির্মাণ, ঋণদান সংস্থা বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান হতে বন্ধকী ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়, তবে ঐ ঋণের জন্য বাৎসরিক প্রদেয় সুদের টাকা বাদ দিয়ে কর মূল্যায়ণ তালিকা প্রস্তুত করতে হবে।
(৩) বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত ইমরাত যেমনÑহোটেল, মোটেল, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, এ্যাপার্টমেন্ট, হাসপাতাল, অফিস ইত্যাদির নির্মাণ কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে বন্ধকী ঋণ গ্রহণের মাধ্যমে করা হলে ঐ ঋণ বাবদ বাৎসরিক প্রদেয় সুদের এক চতুর্থাংশ অর্থ বাদ দিতে হবে।
(৪) কোনো ইমরাতের মাসিক ভাড়া অস্বাভাবিক বেশী বা কম বলে প্রতীয়মান হলে উক্ত এলাকার একই ধরণের ও একই সুযোগ সুবিধা সম্বলিত ইমারত যে ভাড়ায় প্রদান করা হয়েছে তা বিবেচনা করতে হবে।
সম্পূর্ণ দখলকৃত ইমরাতের ক্ষেত্রে সে ইমারতটির বাৎসরিক সম্ভাব্য যে পরিমাণ ভাড়া প্রদান করা যাবে অথবা কর নির্ধারণের তারিখে ভূমি উন্নয়ন কর সহ ইমারতের মূল্যের শতকরা সাড়ে সাত ভাগ, এর মধ্যে যা কম হবে তা বাৎসরিক মূল্য হিসেবে বিবেচনা করতে হবে। তবে রক্ষণাবেক্ষণ বাবদ দুই মাসের ভাড়া অথবা বার্ষিক মূল্যের ছয় ভাগের এক ভাগ বাদ যাবে এবং আর্থিক প্রতিষ্ঠান হতে বন্ধকী ঋণ গ্রহণের মাধ্যমে ইমারত নির্মাণ করা হলে বাৎসরিক প্রদেয় সুদ বাদ যাবে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে অনুরূপভাবে ঋণগ্রহণের মাধ্যমে নির্মিত ইমারতের ক্ষেত্রে বাৎসরিক প্রদেয় সুদের এক চতুর্থাংশ অংশ বাদ যাবে। কোনো ব্যক্তির কর মূল্যায়ণ তালিকা অথবা কর নির্ধারণ তালিকা সম্পর্কে অসন্তুষ্ট হলে তা পুন:বিবেচনার জন্য অথবা কর হতে অব্যাহতি প্রদানের জন্য তালিকা অথবা নোটিশ জারীর ত্রিশ দিনের মধ্যে মেয়র এর নিকট আবেদন করতে পারবেন। মেয়র ২১(৪) বিধি অনুসারে কর মূল্যায়ণ তালিকা বা কর নির্ধারণ তালিকা সংশোধন, পুন: নির্ধারণ বা বাতিল করতে পারবেন। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০০ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২ শে অক্টোবর ২০১৪ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপনমুলে দেশের সকল পৌরসভার জন্য প্রযোজ্য “পৌরসভা আদর্শ কর তফসিল, ২০১৪” প্রণয়ন ক্রমে প্রকাশ করে। উক্ত আদর্শ কর তফসিলে পৌরসভা কর্তৃক আদায়যোগ্য সকল প্রকাশ কর, রেইট ইত্যাদির উল্লেখ আছে। সরকার কর্তৃক প্রণীত আদর্শ কর অফসিলের অনুচ্ছেদ ৩ অনুযায় কোন পৌরসভার এলাকভূক্ত মালিকানাধীন ও দখলসত্বের সকল হোল্ডিং এ অবস্থিত ইমরাত ও ভূমির বার্র্ষিক মূল্যের উপর ৭% (শতকরা সাত ভাগ) হারে কর আরোপ করা যাবে। তবে কোন ইমরাত বা ভূমি ধর্মীয় বা সরকারী দাতব্য প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হলে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বসবাসের নিজস্ব মালিকানাধীন হোল্ডিং এ অবস্থিত ইমারত বা ভূমির ১০০০ (এক হাজার) বর্গফুট আয়তন পর্যন্ত হোল্ডিং কর আদায়ের আওতামুক্ত থাকবে। আদর্শ কর তফসিল ২০১৪ এর অনুচ্ছেদ ২১ অনুযায়ী ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ৩ঁ (শতকরা তিন ভাগ) হারে বাতি রেইট আরোপ করা যাবে এবং অনুচ্ছেদ ২২ অনুযায়ী ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের উপর সর্বোচ্চ ৭ঁ (শতকরা সাত ভাগ) হারে ময়লা আবর্জনা অপসারণ রেইট আরোপ করা যাবে।
এছাড়াও কর আদায়যোগ্য অনেক ক্ষেত্র আছে যা থেকে সুনামগঞ্জ পৌরসভা অদ্যাবধি কর আদায় করেন না। ইতোপূর্বে পৌরকর নিয়ে এত আলোচনা সমালোচনা হয়নি। সম্ভবত: সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এটা সম্ভব হয়েছে। যা হোক নির্বাচিত জনপ্রতিনিধির নিকট স্বাভাবিক ভাবেই পৌরবাসীর অনেক প্রত্যাশা থাকে। আশারাখি অভিজ্ঞ মেয়র মহোদয় পৌরসভা এবং পৌরনাগরিকদের স্বার্থ সমুন্নত রেখে সুবিবেচনাসুলভ সিদ্ধান্ত নিয়ে পৌরকর সংক্রান্ত উদ্ভূত বিষয়টির সমাধান করবেন।
লেখক: আইনজীবী
- সুনামগঞ্জ সাহিত্য সভা’র কবিতা আবৃত্তি সন্ধ্যা শুক্রবার
- প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সজীব রঞ্জন দাস


