স্টাফ রিপোর্টার
সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমান প্যানেল সহকারী শিক্ষকদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে শহরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অপেক্ষমান প্যানেল সহকারী শিক্ষক মাহমুদা আক্তার রতœা, সঙ্গীতা চৌধুরী, নাছরিন আক্তার, রুহেনা আক্তার, কবিতা তালুকদার প্রমুখ। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি দেন অপেক্ষমান প্যানেল শিক্ষকগণ। এসময় শিক্ষক শামছুল আমিন, মো. রফিক মিয়া, শাহ আলী ও মেহেদী হাসান লিটন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,‘উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় ও সর্বশেষ চলতি বছরের ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত নিয়োগ সভায় সকল প্যানেল শিক্ষকদের নিয়োগের সিদ্ধান্ত হয়। সেই আলোকে চলতি বছরের ৬ জুন, ২৮ আগষ্ট এবং ৮ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পর দেশের বিভিন্ন স্থানের কয়েক হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আরও শিক্ষক অপেক্ষমান রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার ১০৫ জন অপেক্ষমান শিক্ষক নিয়োগ পান নি। ইতিমধ্যে অনেক শিক্ষকের চাকুরির সময়সীমা পার হচ্ছে। এ নিয়ে আমরা অপেক্ষমান প্যানেল শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমান প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগ প্রদানের দাবি জানান তাঁরা।


