প্রকৃতির লীলাভূমি টাঙ্গুয়ায় ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়বে

এ.আর জুয়েল ও আমিনুল ইসলাম,
টাঙ্গুয়ার হাওর ঘুরে এসে
দেশের উত্তর-পূর্ব প্রান্তের জীববৈচিত্র সমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি বিশ্বের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়ার হাওড়ে পর্যটক আসা বেড়েছে। এবারের ঈদের দীর্ঘ ছুটিতে টাঙ্গুয়ার হাওড়ের রূপ সৌন্দর্য্যরে পাশাপাশি হাওরপাড়ে (ভারতের সীমানায় থাকা) মেঘালয়ের গারো পাহাড়, পাহাড়ী নদী যাদুকাটা’র অপূর্ব দৃশ্য দেখতে পর্যটকদের ঢল নামবে বলে মনে করছেন স্থানীয়রা। সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় টাঙ্গুয়ার হাওড়ের অবস্থান। ছয়কুড়ি বিল, নয়কুড়ি কান্দার সমন্বয়ের এ হাওড়ের দৈর্ঘ্য ১১ এবং প্রস্থ ৭ কিলোমিটার। শীত, গ্রীস্ম ও বর্ষা একেক ঋতুতে এই হাওড় pic-5
একেক রূপ ধারণ করে। বর্ষায় অন্যান্য হাওরের সঙ্গে মিশে এটি সাগরের রূপ ধারণ করে। শুকনো মৌসুমে ৫০-৬০ টি আলাদা বা সংযুক্ত বিলে পরিণত হয় পুরো হাওড়। ১১ টি বাগসহ ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য হিজল-করচ গাছ, নলখাগড়া, দুধিলতা, নীল শাপলা, পানিফল, শোলা, হেলেঞ্চা, বনতুলসিসহ শতাধিক প্রজাতির উদ্ভিদ হাওড়কে দৃষ্টিনন্দন করে। অক্টোবর থেকে এই হাওড়ে শুরু হয় পরিযায়ী পাখির সমাবেশ। স্থানীয় জাতের পানকৌড়ি, কালেম, দেশী মেটে হাঁস, বালিহাঁস, বকসহ শীত মৌসুমে আসা লক্ষাধিক পরিযায়ী পাখি এখানে যাত্রা বিরতি করে। আবার কোন কোন পরিযায়ী পাখি পুরো শীতকাল এখানেই কাটায়। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওড়ের উত্তর বংশিকু-ায় রয়েছে কয়েকটি আদিবাসী পল্লী। গারো-হাজং আদিবাসীর জীবন ও সংস্কৃতি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে পর্যটকদের। মূলত. শীতকালই এই হাওড়ে বেড়ানোর উত্তম সময় হলেও যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে একটু ভাল হওয়ায় গত এক বছর হয় সকল মৌসুমেই এই হাওড়ে পর্যটকদের ভীড় হচ্ছে। dscn9839
হাওড়পাড়ের ইন্দ্রপুর গ্রামের অখিল দাস বলেন,‘সুনামগঞ্জে সুরমা নদীতে আব্দুজ জহুর সেতুসহ সড়ক যোগাযোগ ব্যবস্থা একটু ভাল হওয়ায় এখন প্রতিদিনই টাঙ্গুয়ার হাওড়ে পর্যটকরা আসছেন। এবারের ঈদের ছুটিতে সাগররূপ জলরাশি, আকাশে মেঘের খেলা, মুষলধারে বৃষ্টি, হাওড়বাসীর সংগ্রামী জীবন, সবুজে ঢাকা মেঘালয় আর পানির উপর মাথা উঁচু করে থাকা নলখাগড়া-গাছগাছালি বন বাদালি দেখতে পর্যটকদের ভীড় বাড়তে পারে। তবে হাওড় এলাকায় সরকারী বা বেসরকারী উদ্যোগে কোন কটেজ বা আবাসন ব্যবস্থা না হওয়ায় এবং নিরাপত্তার সংকট থাকায় যারা রাত্রি যাপন করতে আসেন তাদের অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারেই রাত কাটান’। একই গ্রামের ইসমাইল হোসেনও এমন মন্তব্য করলেন।dsc01599
গাজীপুর থেকে টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে আসা শিফন রহমান বলেন, ‘এখানে থাকা-খাওয়ার ভাল ব্যবস্থা, নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা রয়েই গেছে। এসব বিষয়ে মানোন্নয়ন না ঘটলে প্রকৃতির এই লীলাভূমিতে পর্যটকেরা কম আসবেন’।
টাঙ্গুয়ার হাওরকে পর্যটন সম্ভাবনার অন্যতম স্থান উল্লেখ করে হাওড় দেখভালের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা বিন রশিদ বলেন,‘আবাসন ব্যবস্থা এবং পর্যটক গাইড নিয়োগ হলে ভাল হয়। পর্যটক গাইড থাকলে তারা যেমন পর্যটকদের বেড়াতে সহায়তা করবেন। সংরক্ষিত এই এলাকার পরিবেশ-প্রতিবেশ বিষয়ে পর্যটকদের সচেতন করতে পারবেন তারা। যেমন পর্যটকরা ময়লা কোথায় ফেলবেন, উচ্চ শব্দে অর্থাৎ মাইক বাজানো যাবে না কোথায়, বা কোথায় কী দেখতে পারবেন তা জানাতে পারবেন’।