প্রচারণায় ৩ প্রার্থী

পুলক রাজ
মধ্য-দক্ষিণ-উত্তর আরপিননগর, পশ্চিম বাজার, সাহেব বাড়ীঘাট, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড নিয়ে সুনামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় পাঁচ হাজার। এবার তিন জন কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে। এরা সবাই মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হয়ে জনস্বার্থে কাজ করে যাবার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দারাও সম্ভাব্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যাশার কথা জানাচ্ছেন। বলছেন, যাঁরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেবেন, তাঁকেই ভোট দেবেন সবাই। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন।
৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলর আবাবিল নূর, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির এবং রিগান আহমেদ নির্বাচন করবেন বলে জানা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ৬ নম্বর ওয়ার্ডের পাড়া মহল্লায়, পয়েন্টে পয়েন্টে ঝুলছে পোষ্টার। চলছে লিফলেট বিতরণ। অলিগলি, পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এলাকাবাসীও আগামী নির্বাচনে কে কে কাউন্সিলর হতে পারেন এই নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন।
বর্তমান কাউন্সিলর আবাবিল নূর বলেন, আমি দীর্ঘ পাঁচ বছরে ওয়ার্ডের বিভিন্ন
সড়কের উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন সাধন করেছি। আমার ওয়ার্ডের জনগণকে সব সময় সহযোগীতা করার চেষ্টা করে যাচ্ছি। গত তিন বারের বন্যার সময় মানুষের সুখ-দুঃখের সাথে ছিলাম। কেউ বিপদে পড়লে চেষ্টা করেছি বিপদ মুক্ত করার। সবার দোয়ায় আবার যদি নির্বাচিত হই ৬ নম্বর ওয়ার্ডে দুইটি নতুন সড়ক করার পরিকল্পনাও আছে। মাদকমুক্ত সমাজ গঠন করা আমার অগ্রাধিকারে থাকবে। গরীব দুঃখি, মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমি জনগণের সাথে আছি এবং থাকতে চাই।
সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির বলেন, সবার সহযোগিতা চাই, আমি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এছাড়াও সড়ক বাতি ব্যবস্থা, পানির সংকট দূর করতে চাই। এছাড়াও মশক নিধন, নতুন ঘাট নির্মাণ করার প্রয়োজন রয়েছে। অনেক দিন থেকে ৬ নম্বর ওয়ার্ডের জনগণ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার জন্য কাজ করে যাব।
রিগান আহমেদ বলেন, জনগণের সেবা করতে এবং যুব সমাজকে নিয়ে মাদকমুক্ত ওয়ার্ড গঠন করতে চাই। আমি চাইবো আমাদের ওয়ার্ডে কেউ যেন মাদকের সাথে জড়িত হয় না। যুব সমাজ যেন খেলাধুলায় জড়িত থাকে, ওয়ার্ডের পরিবেশ যেন সুন্দর থাকে এবং পানির সমস্যা সমাধান করতে চাই।
তিনি বলেন, ওয়ার্ডের প্রতিটি পাড়ায় ২ টি করে মোটর লাগিয়ে পানির সুব্যবস্থা করতে চাই আমি। এছাড়াও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। জনগণের কাছে অনুরোধ, সেবা করার সুযোগ দিন।