প্রতাপ চন্দ্র শর্ম্মা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন একতা যুব সংঘ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ১৮তম প্রয়াত প্রতাপ চন্দ্র শর্ম্মা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় ৬০ রানে পলাশ একতা যুব সংঘ বিজয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় একতা যুব সংঘ টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করতে সক্ষম হয়। জবাবে পলাশ ৩৫ স্পোর্টিং ক্লাব ১২০ রান করে অলআউট হয়ে যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রয়াতের মেয়ের জামাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী, প্রয়াতের ভাতিজা সহকারি পুলিশ সুপার ঠাকুরগাঁও অলক শর্ম্মা, সাবেক পোস্টমাস্টার সুনামগঞ্জ আব্দুল বারী, ক্রিকেট টুর্নামেন্টের সভাপতিত্ব করেন পলাশ রেনেসাঁ ক্রীড়া চক্রের সভাপতি ও বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান সাজু।

খেলা পরিচালনা করেন অ্যাডভোকেট শফিউল আলম লিমন ও সুকান্ত দেবনাথ। ধারা ভাষ্যকার ছিলেন মোঃ আবুল বাশার। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।