শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামে দুই লন্ডন প্রবাসীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে প্রতিপক্ষেকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশ ডেকে ফেঁসে গেছে এক যুবক।
আটককৃত যুবকের নাম বুরহান উদ্দিন তেরাই (৪৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইশাকপুর গ্রামের মৃত. আব্দুল জব্বারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বুরহান উদ্দিন তেরাইকে আদালতে চালান দেয়া হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার (৩১ মে) রাতে থানায় সংবাদ আসে- শান্তিগঞ্জ থানা এলাকার ইশাকপুর গ্রামের জুনু মিয়া গোষ্ঠির বুরহান উদ্দিন তেরাই তার বাড়িতে প্রতিপক্ষ যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাহার গোষ্ঠির জামান উদ্দিনকে অস্ত্র সহ আটক করেছে।
এমন সংবাদের ভিত্তিতে রাতেই শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী, উপ পুলিশ পরিদর্শক অনুপম দেবনাথ, মোহন রায়, মোহাম্মদ শফিউল ইসলাম বুরহান উদ্দিন তেরাই’র বাড়িতে যান। এসময় সংবাদদাতা বুরহান উদ্দিন তেরাই পুলিশকে আটক জামাল উদ্দিনের কাছ একটি দেশীয় পাইপ গান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে বের করে দেয়। এছাড়াও তার বাড়িতে বেধে রাখা জামাল উদ্দিনকেও পুলিশের কাছে সোপর্দ করে। তখন সন্দেহের বসে পুলিশ সংবাদদাতা বুরহান উদ্দিন তেরাইকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি অসংগতিপূর্ণ কথা শুরু করেন। একপর্যায়ে বুরহান উদ্দিন তেরাই থানা পুলিশের কাছে স্বীকার করে পূর্ব বিরোধের কারণে জামাল উদ্দিনকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য এই ঘটনা ঘটিয়েছেন তিনি।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী বলেন, প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করা ও আগে থেকেই দেশীয় তৈরী পাইপগান নিজ হেফাজতে রাখায় বুরহান উদ্দিন তেরাই সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে বুরহান উদ্দিন তেরাইকে আদালতে চালান দেয়া হয়েছে।


