প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে বাকবিত-া ও মারামারিতে এক কৃষক নিহত হয়েছেন। নিহত শুকুর মিয়া (৪৫)’র বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে। মঙ্গলবার দুপুরে মুসলিমপুর গ্রামের পাশে আমন জমিতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গরুর জন্য পতিত জমিতে ঘাস চাষ করেছিলেন নিহত শুকুর মিয়া। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার জমির ঘাস খায় একই গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে নায়েব আলীর গরু। এই নিয়ে তাদের মধ্যে বাকবিত-া হয়। পরে নায়েব আলী তার সহোদর ভাইদের নিয়ে শুকুর আলী কে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা সবাই মিলে শুকর আলীর বুকে পা দিয়ে চেপে ধরে। সাথে সাথে নিস্তেজ হয়ে যায় শুকুর আলী। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বললেন, গরুর খাস খাওয়া নিয়ে প্রতিপক্ষের মারধরে শুকুর আলী নামের একজন মারা গেছেন। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।