প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় -এমপি রতন

জামালগঞ্জ সংবাদদাতা
একসময় ভাবা হতো প্রতিবন্ধীরা পরিবারের বোঝা, সমাজের বোঝা। নিয়মিত পরিচর্যা ও সুযোগ সুবিধা পেলে তারা পরিবার, সমাজ এমনকি দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। আজ অটিজম সন্তানেরা বিদেশের মাটি থেকে স্বর্ণপদক নিয়ে আসে। বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। সমাজের বিভিন্ন স্তরে সাফল্যের সাথে কর্মকা- করে এগিয়ে যাচ্ছে। তাই আসুন সবাই অটিজম শিশুদের পাশে দাঁড়াই, সায়মা ওয়াজেদ পুতুলের জনবান্ধব কার্যক্রমকে ত্বরান্বিত করি।
সোমবার জামালগঞ্জের হারুন মার্কেটে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সভায় প্রধান অতিথির এসব কথা বলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রতন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন। প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য চাঁনপুর গ্রামের মো. আকবর আলী বিশ শতক জায়গা দান করেন।
এছাড়াও বক্তব্য দেন নাজমুল হক সিতারা, জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সাবেক ইউপি সদস্য মো. গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা মো. ছামির আলী, প্রতিবন্ধী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. ফারুক আহমেদ, ইউপি সদস্য আছমা আক্তার।