প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে -মানিক

ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে। শীঘ্রই ছাতক-দোয়ারার প্রতিটি বাড়ি বিদুত্যের আলোয় আলোকিত হয়ে উঠবে। বিগত বিএনপি-জামাত সরকারের শাসনামলে বিদ্যুতের দাবিতে আন্দোলনে অনেকেরই প্রাণ দিতে হয়েছে। হয়রানি-নির্যাতনের শিকার হতে হয়েছে সাধারণ মানুষদের। বর্তমান সরকারের সময়ে বিদ্যুতের জন্য আর আন্দোলন করতে হয় না। বিদ্যুৎ বিভাগের লোকজন এখন বাড়ি-বাড়ি গিয়ে বিদ্যুৎবিহীন ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ করছেন। শীঘ্রই ছাতক উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করা হবে বলে ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয়, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সর্ব ক্ষেত্রে অভুতপূর্ন উন্নয়ন সাধিত হয়েছে। শতভাগে উন্নীত করতে শিক্ষাকে করা হয়েছে বৃত্তিমুলক ও অবৈতনিক। বিগত ৮ বছরে ছাতক-দোয়ারায় আড়াই শ’ কোটি টাকার উন্নয়ন কাজ সাধিত হয়েছে। ছাতক-দোয়ারায় আরো হাজার কোটি টাকা    উন্নয়ন ক্ষেত্রে বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে শুধু সিমেন্ট কারখানায় ৬৬৬ কোটি ও সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণে ১১৩ কোটি টাকা একনেকের সভায় বরাদ্দ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। একটি বিশেষ প্রকল্পে আরো ৫০ কোটি টাকার বরাদ্দ এসেছে যা ওয়ার্ড ভিত্তিক ছোট-ছোট উন্নয়নে ব্যবহৃত হবে।
শনিবার সকালে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল ও ছাতক সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গদারমহল গ্রামের মাঠে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শিপলু আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহেল পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একেএম জাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ।
আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, সাবেক পরিচালক সিরাজুল হক, মাও. ফজলুর রহমান, আব্দুল আলিম, সদর ইউনিয়ন আ.লীগের আহবায়ক মাফিজ আলী, ইউপি সদস্য সদস্য খালিদ আহমদ খলিল প্রমুখ।
এর আগে ৫৫ লক্ষ্য টাকা ব্যয়ে রুক্কা-গদারমহল রাস্তা, ঘাটপাড় গ্রামের রাস্তা পাকাকরণ, ১১ লক্ষ টাকা ব্যয়ে রুক্কা খালে ব্রীজ নির্মাণ, ১০ লক্ষ টাকা ব্যয়ে রুক্কা মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মানিক। এ ছাড়া রুক্কা মসজিদের পুকুর ভরাটের জন্য দু’লক্ষ টাকা ও গদারমহল মসজিদ নির্মাণ কাজে আরো আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।