প্রথম আলো’র উদ্যোগে কৃষককে আমন ধানের চারা প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের চারটি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৭জন কৃষককে শনিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে আমন ধানের চারা দেওয়া হয়েছে। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা কৃষকদের হাতে এই চারা তুলে দেন।    
এই চারা দিয়ে প্রত্যেক কৃষক ৪৫শতক জমিতে আমন ধানের আবাদ করতে পারবেন।
দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার কৃষকদের চারা বিতরণ করা হয়। বিকালে দোয়ারাবাজার উপজেলার হাজারিগাঁও গ্রামে দেওয়া হয় দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার কৃষকদের।
বিশ্বম্ভরপুরে কৃষকদের হাতে চারা তুলে দেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, স্থানীয় সাংবাদিক সালেহ আহমদ, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ। এ সময় বন্ধুসভার সহসভাপতি মো. হায়দার আলী ও প্রদীপ পাল, সদস্য আশরাফুজ্জামান বাবুল, আসাদুজ্জামান প্রিয়ন, মো. শফিকুল ইসলাম, রাজীব দেব, সোহাগ সরকার, আরফাত রহমান সানি, আবদুল কাইউম, জাকের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জে আরও ৩৫জন কৃষককে একইভাবে আমন ধানের চারা দেওয়া হয়েছে।