প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা থেকে বঞ্চিত বিশ্বম্ভরপুরের ২ প্রতিষ্ঠান

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা অনুদান থেকে বঞ্চিত হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলায় নন এমপিও ২ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক-কর্মচারী। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও বেতন-ভাতাদি চলমান রয়েছে। কিন্তু নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেতনও বন্ধ। এতে পরিবার-পরিজন নিয়ে দুঃখে কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ননএমপিও শিক্ষকদের বর্তমান অবস্থা বিবেচনা করে প্রত্যেক শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের ২ হাজার ৫০০ টাকা শিক্ষা সহায়তা অনুদান প্রদান করেছেন। সারাদেশের ন্যায় বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের তালিকা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করা হয়েছিল। কিন্তু প্রণোদনার তালিকা থেকে মাছিমপুর দাখিল মাদ্রাসা ও ভাদেরটেক ইসলামিয়া দাখিল মাদ্রাসার নাম বাদ পড়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট উপজেলায় মাদ্রাসা পর্যায়ের নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রণোদনার টাকার চেক বিতরণ করা হয়েছে। কিন্তু মাছিমপুর দাখিল মাদ্রাসা ১১ জন ও ভাদেরটেক ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ জন শিক্ষক-কর্মচারী তালিকায় নাম না প্রণোদনার টাকা পাননি। ফলে শিক্ষক-কর্মচারীরা নিরাশ হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছরুয়ার আলম জানান, নন-এমপিও শিক্ষকদের তালিকায় মাছিমপুর দাখিল মাদ্রাসা ও ভাদেরঠেক দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নাম ছিল। বর্তমান তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম কেন বাদ পড়েছে তা আমার জানা নেই।
উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস জানান, পূর্বের যে তালিকা আমার কাছে এসেছিল ঐ তালিকাই আমি কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। দুই প্রতিষ্ঠানের নাম তালিকায় না থাকায় আমি ও হতাশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি। আশা করি কোন একটা ব্যবস্থা অচিরেই হয়ে যাবে।