জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম—দুর্নীতি ও দীর্ঘদিন ম্যানেজিং কমিটির নির্বাচন না দেয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে রামনগর বাজারে আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভূঁইয়ার বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থী অভিভাবক এই কর্মসূচি পালন করেন।
আওয়ামী লীগ নেতা আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভূঁইয়া অনিয়ম ও দুর্নীতি ঢাকতে প্রতিষ্ঠানের সভাপতির ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে চলেছেন। স্কুলের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড (পরিচয়পত্র) দিতে সরকারিভাবে কোনো টাকা নেওয়ার বিধান না থাকলেও প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১১০ টাকা করে ফি আদায় করেছেন তিনি। স্কুল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও প্রধান শিক্ষকের কারসাজিতে নির্বাচন না দিয়েই বারবার এডহক কমিটি গঠন করে স্কুল পরিচালিত হচ্ছে। যা নীতিমালা পরিপন্থী বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়াও ভুয়া বিল ভাউচার করে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফান্ডের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
তবে এ ব্যাপারে সকল অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সুলতান আহমদ ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কিছু স্বার্থান্বেষী মহল আমার মানহানী করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করলে কোনোটারই সত্যতা পাওয়া যাবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, সাবেক সদস্য ও সাচনা বাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়সাল আহমদ, জেলা শ্রমিক লীগের সদস্য মো. সায়েম পাঠান, আকমল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আ. রকিব, রামনগর বাজার বণিক সমিতি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।


