আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে আাইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটিকে চিঠি দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গত ৫জুন সোমবার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৮ম শ্রেণির এক ছাত্রীকে প্রধান শিক্ষকের কক্ষে যাওয়ার কথা বলে এবং এক পর্যায়ে কু-প্রস্তাব দেন। ছাত্রী শিক্ষকের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তাকে মারপিট করে আহত করেন। বিষয়টি ছাত্রী তার বান্ধবী ও বাবাকে অবহিত করলে ওই ছাত্রীর বাবা ৭ই জুন একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করে। এরই প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেন।
তদন্তে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম কর্তৃক কু-প্রস্তাবে রাজী না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বেধরক মারপিটের ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণ হওয়ায় দায়ী প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার কর্তৃক যৌথ স্বাক্ষরিত তদন্তের প্রতিবেদন গত ১১ জুন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করেন।
দাখিলকৃত প্রতিবেদন তাহিরপুর উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষীগণের উপস্থিতিতে পুনরায় যাচাই বাছাইক্রমে তদন্তে প্রমাণিত হওয়ায় কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে বেসরকারী স্কুল শিক্ষকগণের চাকুরী শর্তবিধিমালা ১৯৭৯ এর ১১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে বৃহস্পতিবার তার কার্যালয় থেকে পত্র প্রেরণ করেন।
কাউকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জরুরী ভিত্তিতে সভা আহবান করা হবে।


