প্রবাসীদের উদ্যোগে ছাতকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ শুরু

ছাতক প্রতিনিধি
যুক্তরাজ্যে অবস্থানরত সচেতন ছাতকবাসীর উদ্যোগে আর্তমানবতার সেবায় অনুপ্রাণিত হয়ে ছাতকের ঘুর্ণিঝড় দুর্গত এলাকা দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সহায়তা প্রদানের কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চরমহল্লা ইউনিয়নের চরমাধব(নুরেরচর) গ্রামে গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেন যুক্তরাজ্যে অবস্থানরত ছাতকের কমিউনিটি নেতৃবৃন্দ। কয়েকটি ধাপে মোট ১শ’টি ঘর নিমার্ণ করে দেয়া হবে।  প্রতিটি ঘর নির্মাণে ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ করা হবে। কমিউনিটি নেতা ভাতগাঁও ইউনিয়নের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি জামাল উদ্দিন মখদ্দুছ, যুক্তরাজ্য প্রবাসী ছানাওর আলী কয়েছ, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান লিটন, প্রবাসী কমিউনিটি নেতা নজির উদ্দিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোহন মিয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এ সময় গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জাহিদপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. নুরুল হক, সমাজসেবী গৌছ উদ্দিন খান, মুশফিক আহমদ, সাদিকুর রহমান সাদিক, আব্দুস সোবহান, জমির উদ্দিন মেম্বার, খোয়াজ আলী মেম্বার, সামছুদ্দিন মেম্বার, হাজী ইসলাম উদ্দিন, সাজিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ফারুক মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে ক্ষতিগ্রস্থ চরমাধব-নুরেরচর গ্রামের নেহারুন বিবি, আব্দুল কাহার, আব্দুল বাহার, আব্দুল মনাফ, চরমাধব গ্রামের তাজুল ইসলাম, পুড়াকাটি গ্রামের সূফি মিয়া ও রানা মিয়া, হাতধনালী গ্রামের মোজাহিদ আলীর ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।
এসময় কমিউিনিটি নেতারা বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। যুক্তরাজ্যে অবস্থানরত সচেতন ছাতকবাসীর উদ্যোগেএখানের ক্ষতিগ্রস্ত ১শ’ পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। কয়েকটি ধাপে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।