প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

জগন্নাথপুর অফিস
ঈদের আগেই প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রান্ত চলছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে। একদিকে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট অন্যদিকে প্রচ- তাপদাহে জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। রোজার মাসে ইফতার, সেহেরি এমনকি নামাজের সময় অতিরিক্ত লোডশেডিং হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসী। এদিকে গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।
অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল নেটওয়ার্কও ব্যাহত হয়। বিদ্যুৎ না থাকলে অপারেটররা ২-৩ ঘণ্টা পর্যন্ত নিজেদের ব্যবস্থায় নেটওয়ার্ক চালাতে পারে, কিন্তু এর বেশি হলে সাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করেও দেখা দেয় চরম ভোগান্তি।
ব্যবসায়ীরা জানান, বর্তমান বাজার ঈদ বাজার। কাপড়ের দোকানগুলোতে সারা বছরে এ ঈদে বেশি বেচাকেনা হয়। প্রচ- গরম আর বিদ্যুতের এমন ভোগান্তিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জগন্নাথপুর বাজারের একটি কাপড়ের দোকানের ম্যানেজার রনি বাবু বলেন, মাত্র ঈদ বাজার জমে উঠেছিল। এরই মধ্যে প্রচ- গরম আর বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে ক্রেতারা বাজারে আসছেন না।
উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা রূপ মিয়া ক্ষোভ নিয়ে বলেন, দিনেরাতে সব মিলিয়ে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে। এতো বেশি লোডশেডিং মানা যায় না। নামাজ, ইফতার, সেহেরি কিছুই বাদ যাচ্ছে না। সারা দিন রোজা রেখে মানুষ শান্তিতে ইফতার ও তারাবিহ নামাজ পড়বে, তাও পারছে না। রোজার মাসে এ কষ্ট সহ্য করার নয়।
হাবিবা বেগম নামের এক গৃহবধূ বলেন, লোডশেডিং এর ফলে মোবাইল নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। এছাড়া চার্জ থাকে না। মোবাইল ফোনের মাধ্যমের যোগাযোগও বন্ধ হয়ে যায়। এতে চরম দুঃচিন্তায় পড়েন প্রবাসে থাকা স্বজনরা।
জগন্নাথপুর পৌরসভার ইকড়ইছ এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী তহুর উদ্দিন বলেন, রোজায় দেশে এসেছিলাম সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করবো। কিন্তু দিন নেই রাত নেই প্রচ- গরমেও ঘন ঘন লোডশেডিং হচ্ছেই। বিদ্যুতের এমন অবস্থায় এখন অসুস্থবোধ করছি। এমতাবস্থায় দেশে থাকা কঠিন হয়ে উঠেছে।
উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, প্রচ- গরমে চাহিদা বেড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। সেই সাথে চাহিদা অনুযায়ী সিলেট থেকে এ উপজেলায় বরাদ্দ কম। ফলে ৬০ ভাগ বিদ্যুতের ঘাটতি রয়েছে।