প্রবাসী তিনভাই প্রকাশ্যে ঘুরছেন, হানা দিলেন ইউএনও

জগন্নাথপুর অফিস
যুক্তরাজ্য থেকে সদ্য দেশে আসা তিন ভাই প্রকাশ্য বাহিরে ঘোরাফেরা করছেন এমন অভিযোগ পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম ওই প্রবাসির বাড়িতে পুলিশ নিয়ে হানা দেন। বাড়িতে তিনভাইকে পেয়ে নির্দেশ দেন ১৪ দিন হোম কোয়ারেন্টিনের আইন মানতে হবে। অন্যথায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার দুপুরে পৌরশহরের জগন্নাথপুরের দীঘিরপাড়া এলাকা এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সপ্তাহখানিক আগে যুক্তরাজ্য থেকে তিন ভাই দেশে ফিরেন। তাঁরা হোম কোয়ারেন্টিনের আইন না মেনে হাটবাজাসহ অবাধে ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ ওঠে। এ ধরনের অভিযোগ পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ ওই প্রবাসির বাড়িতে হানা দেন। মোটরসাইকেল নিয়ে প্রবাসির বড় ভাই বের হওয়ার সময় প্রশাসনের টিম আসার টের পেয়েই তিনি সঙ্গে সঙ্গে বাসার ভিতর প্রবেশ করেন। পরে প্রশাসনের লোকজন বাসা থাকা তিন প্রবাসিকে বাহির করে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। কোয়ারেন্টিনের আইন ভঙ্গ করলেও আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে হুশিয়ারকে করে প্রশাসনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ, অনিক দেব, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, করোনা প্রতিরোধে আমরা কাজ করছি। সম্প্রতি জগন্নাথপুরে সাড়ে পাঁচ শতাধিক প্রবাসি দেশে ফিরেছেন। এরমধ্যে ৪৭ জন প্রবাসিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যেসব প্রবাসিরা কোয়ারেন্টিনের আইন ভঙ্গ করবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।