প্রশাসনিক কার্যক্রম শুরু

বিন্দু তালুকদার
সুনামগঞ্জ-৩ আসনের (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান  গত ৪ অক্টোবর একনেক সভায় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন হাওরের জেলা সুনামগঞ্জে একটি আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বলেছিলেন, ‘সুনামগঞ্জে হাসপাতাল ও মেডিকেল কলেজ হবে, আপনারা পরবর্তী কাজ শুরু করুন।’
প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কার্যক্রম শুরু হয়েছে। সুনামগঞ্জে ৫০০ শয্যার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। সরকারের এনইসি-একনেক ও সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের প্রশাসনিক কার্যক্রমও শুরু হয়েছে।  
৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ প্রয়োজনীয় কাজ করছে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে সুনামগঞ্জের সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৩০ একর ভূমি খোঁজার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসন উপযুক্ত ভূমিও খোঁজছেন। ভূমির এলাকা নির্ধারণের জন্য আগামী সপ্তাহে জেলার দায়িত্বপ্রাপ্ত কমিটি সভায় বসবেন বলে জানা গেছে। সরকারের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
জানা যায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় গত ৪ অক্টোবর রাজধানীতে একনেকের সভায় সিদ্ধান্ত গৃহিত হয় সুনামগঞ্জে ৫০০ শয্যার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের। একনেকের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ের প্রেরণের নির্দেশ দেয়া হয়।
মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ডা. রাশিদুন নেছা গত ২২ নভেম্বর সুনামগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে দ্রুত এই বিষয়ে একটি মতামত প্রদানের জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে একটি চিঠি লিখেন।
সুনামগঞ্জে নতুন করে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা উল্লেখ করে সিভিল         
সার্জন ডা. আব্দুল হাকিম গত ৪ ডিসেম্বর চিঠি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালককে অনুরোধ করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো পত্রে উল্লেখ করেন, সুনামগঞ্জ জেলা একটি মাছ, বালি-পাথরসহ প্রাকৃতিক অফুরন্ত সম্পদের সম্ভাবনায় ভরপুর একটি পশ্চাৎপদ জনপদ। কিন্তু বর্তমান সরকারের আমলে উন্নয়নের গতিধারায় এ পশ্চাৎপদতা দ্রুত তরান্বিত হচ্ছে। এ জেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি একটি ৫০০ শয্যার হাসপাতালসহ মেডিকেল কলেজ স্থাপনের। যা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও জেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এ দাবি উত্থাপন করেছেন। একনেকের সভার প্রস্তাবিত প্রকল্প (সুনামগঞ্জে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ স্থাপন) বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ জেলায় অনেক উপযুক্ত ভূমিসহ সার্বিক অনুকূল পরিবেশ রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
সুনামগঞ্জ শহরতলীর শ্রীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আব্দুর নূর বলেন, ‘সুনামগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের খবরে আমরা খুবই খুশি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত জেলাগুলোর দিকে নজর দিয়েছেন তাই এই দাবি বাস্তবায়ন হচ্ছে। আমরা জেলাবাসী তাঁর কাছে কৃতজ্ঞ। এছাড়া এই প্রচেষ্টার সাথে জড়িত থাকা ও নিজের এলাকার জন্য কাজ করায় আমাদের এলাকার কৃতি সন্তান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের দাবি সরকারের এই মহান উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক।’ তিনি আরো জানান, জেলা প্রশাসক একটি সভায় আমাদের জানিয়েছেন ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত ভূমি খোঁজছেন তিনি।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, ‘সরকারের এই বিশাল উদ্যোগ বাস্তবায়নে জেলাবাসীর সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফুর রহমান বলেন, ‘সুনামগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত ৩০ একর ভূমি বাছাইয়ের লক্ষে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি পাওয়া গেছে। আগামী সপ্তাহে ভূমি নির্ধারণ কমিটির সভা আহবান করা হবে। ’