সু.খবর ডেস্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজেদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের সেবায় কাজে লাগিয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আইসিটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষকদের মান উন্নয়নে কাজ করতে হবে। মঙ্গলবার রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ব্যানবেইসের নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
উপজেলা আইসিটি ট্রেইনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) ৪৪ জন সহকারী প্রোগ্রামার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। দেশের সব উপজেলায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১২৫টি উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হয়েছে। আরও ১৬০টি উপজেলায় নির্মাণকাজ প্রক্রিয়াধীন আছে। তৃতীয় ধাপে দেশের অবশিষ্ট সব উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, দেশের সর্বক্ষেত্রে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।
ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং কোর্সের পরিচালক এস এম মোর্শেদ বিপুল বক্তৃতা করেন।


