প্রসঙ্গ: জগন্নাথপুরে ঠিকাদারদের নৈরাজ্য- সংবাদ প্রকাশের পর তৎপর ঠিকাদাররা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে সংস্কার কাজে ঠিকাদারদের নৈরাজ্য রোধ করতে পারছেনা সড়কের কাজ বাস্তবায়নকারী সরকারী সংস্থাগুলো। এনিয়ে সুনামগঞ্জের খবরে গতকাল সংবাদ প্রকাশিত হলে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর হয়ে উঠেন। বেশ কয়েকজন ঠিকাদার মুঠোফোনে এ প্রতিবেদকের নিকট বৃষ্টি কমলে কাজ ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তবে শিবগঞ্জ-বেগমপুর সড়কে ৫ কোটি ১৬ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দে কাজ নেয়া লৌহজং নাসিম সুয়েব জে,বি কনষ্ট্রাকশনের ঠিকাদার একেএম মহিম জানান, কার্যাদেশ পাওয়ার পর আমরা কাজ শুরু করেছিলাম। ২ কিলোমিটার কাজ শেষ করেছি। বৃষ্টির কারণে কাজ করা সম্ভব না হওয়ায় কাজ বন্ধ রয়েছে। অথচ সংবাদে ভুল তথ্য উপস্থাপন করে বলা হয়েছে আমরা কাজ ধরিনি।  বৃষ্টির পর পরই আবার কাজ শেষ করব।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, যেসব সড়কের কার্যাদেশ দেয়ার পরও ঠিকাদার কাজ শুরু করেননি তারা বৃষ্টি কমলেই      
কাজ ধরবেন বলে আশ^স্থ করেছেন। আমরা আশাবাদী বৃষ্টি কমলে সবকটি সড়কের কাজ আরম্ভ হবে। তিনি বলেন, জগন্নাথপুর ভবেরবাজার-নয়াবন্দর-কাঠালখাইড় সড়কে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বানের জন্য এলজিইডি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে আইনজীবি নিয়োগ করেছে। আগামী তারিখে ঠিকাদারের কার্যাদেশ বাতিলের আহ্বান জানানো হবে।