জুবিলীর মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর শহরে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো নিজেদের প্রতিবাদ জানানো শুরু করেন। এই প্রতিবাদের মধ্যে দুইটি মূল সুর ছিল, একটি হলো ডি,এস. রোডের বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারকে সম্প্রসারণ ও দৃষ্টিনন্দন করা আর অন্যটি হলো জুবিলীর খেলার মাঠকে নষ্ট করে শহিদ মিনার নির্মাণ না করা। উদ্যোক্তা কর্তৃপক্ষ জনমতের তীব্রতা গ্রাহ্য করে জুবিলীর খেলার মাঠে শহিদ মিনার নির্মাণ না করার বিষয়ে একমত হয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। এই ঘোষণার পর জুবিলীর মাঠকেন্দ্রীক প্রতিবাদ কর্মসূচী মূলত অর্থহীন হয়ে পড়ে। কিন্তু অবাক বিষ্ময়ের সাথে লক্ষ্য করা গেল, কোন একটি অদৃশ্য শক্তি জুবিলীর ছাত্রদের খেপিয়ে মাঠে নামিয়ে দিল। ছাত্ররা অন্তত দুই দিন সড়ক অবরোধ কর্মসূচী পালন করার পর বৃহস্পতিবার মাঠে স্থাপিত শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর ভেঙে দিল। জুবিলীর ছাত্রদের এই প্রতিবাদ কর্মসূচীকে আমাদের কাছে খুব স্বতস্ফুর্ত মনে হয়নি। মনে হয়েছে পেছন থেকে কেউ তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে যখন ঘোষণা করা হলো সকলের সাথে আলোচনা করে কেন্দ্রীয় শহিদ মিনারের স্থান নির্ধারণ করা হবে তখন আমরা আশা করেছিলাম মূল কেন্দ্রীয় শহিদ মিনার সম্প্রসারণ ও দৃষ্টিনন্দন করার বিষয়টি এখন সকলে সামনে আনবেন। কিন্তু সেটি হলো না। বরং জুবিলীর ছাত্রদেরকে দিয়ে রাজনীতি রাজনীতি খেলার মতো একটি বিষয় করানো হলো। এখন যখন জুবিলীর মাঠ থেকে শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলা হলো তখন আমরা আশা করতেই পারি এখন মূল দাবিকে সামনে আনতে সকলে তৎপর হবেন এবং এটিই জেলাবাসীর একান্ত কাম্য।
বছর দেড়েক আগে যখন কেন্দ্রীয় শহিদ মিনারের স্থান বর্তমান জায়গায় বহাল রাখার জন্য জেলাবাসী সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তারপর সুরমা বুক দিয়ে অনেক পানি গড়িয়েছে। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের কোন খবর পাওয়া যায়নি। আবার যখন শহিদ মিনার নিয়ে একটি বিতর্কিত ঘটনা ঘটল তখন আবারও সরব হলেন মানুষ। মানুষের সরবতা কিংবা সোচ্চার চাহিদা বাস্তবায়নের দায়িত্ব নেতৃত্বের। সাধারণ মানুষ নিজেদের ইচ্ছার কথা জানাতে কখনও কোন কৌশলের আশ্রয় নেননি। তারা সাদামাটাভাবেই নিজেদের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সাধারণের এই চাহিদাকে উপজীব্য করে এরপর শুরু হয় কৌশলের খেলা, রাজনীতির মাঠে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করতে এই ইস্যু ব্যবহারের প্রবণতাও শুরু হয়। কিন্তু সাধারণের চাহিদা পূরণ হয় না। ডি.এস. রোডের শহিদ মিনার থাকে আগের মতোই অনাদর আর অবহেলায়। স্বাধীনতা কিংবা বিজয় দিবসে এই শহিদ মিনারকে অপাঙ্েক্তয় করে রাখার যে প্রচেষ্টা তা আরও প্রলম্বিত হতে থাকে। আমরা এতে গভীর হতাশা প্রকাশ করছি।
সুনামগঞ্জের সুধীমহল, সামাজিক পরিম-ল ও সাধারণ মানুষকে যারা নেতৃত্ব দেন তাঁদের সকলের প্রতি আমাদের বিনীত আহ্বান, কেন্দ্রীয় শহিদ মিনারকে প্রশস্ত ও নান্দনিক করার কাজে এবার আপনারা মনোযোগী হোন। এটি না হলে জুবিলীর মাঠে শহিদ মিনার নির্মাণ না করার ঘোষণা দেয়ার পরও যারা এ নিয়ে মাঠ গরম রেখেছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। শহিদ মিনার বাঙালির আবেগের জায়গা। চেতনাকে শাণিত করা, দেশপ্রেম জাগ্রত করা, সর্বোপরি আলোর পথে হাঁটবার দিশা দেখানোর স্থাপনা হলো শহিদ মিনার। সুনামগঞ্জের মানুষের আবেগ ডি.এস.রোডের শহিদ মিনারটিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা পরিষদ কর্তৃপক্ষ জনমতের অনুকূলে যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে তাঁরা তৎপর হবেন বলেও আশাবাদী আমরা।

