প্রসেনিয়ামের আবৃত্তিসন্ধ্যা ও স্থানীয় কবিদের কবিতা আবৃত্তি

মনের সুক্ষতম অনুভূতি প্রকাশ করা যায় কবিতায় পঙক্তিতে। দ্রোহের আগুন ছড়ানো যায় কবিতার লাইনে। প্রেমের আকুতি পৌঁছে দেয়া সম্ভব হয় কবিতার বাক্যে। তাই সাহিত্যের বৈচিত্রময় ধারার মাঝে কবিতা সবচাইতে শক্তিশালী মাধ্যম, সবচাইতে জনপ্রিয় ধারা। পৃথিবীর সকল জাতি-গোষ্ঠী নিজেদের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে কবিতার আশ্রয় নিয়েছেন, কবিতাকে অবলম্বন করেছেন নিজের পরিচয় প্রকাশের ক্যানভাসরূপে সবসময়ই। সংকটে সম্ভাবনায় আনন্দে বিষাদে দ্রোহে বিরহে আবেগে বিরাগে কবিতার চরণ বাঙময় হয়েছে কালে কালে। দেশে দেশে। জাতিতে জাতিতে। আমরা যখন পরাধীন ছিলাম তখন প্রতিবাদের ভাষা হিসেবে কবিতার আশ্রয় নিয়েছি ব্যাপকভাবে। সেই চর্যাপদের আমল থেকে বাংলা পদ রচনার মধ্য দিয়ে প্রতিবাদের যে ধারা উৎসারিত হয়েছে তা আজও প্রবহমাণ। আধুনিক বাংলা সাহিত্যে ষাট ও সত্তর দশকের প্রতিবাদী ধারার কবিতা বাংলা সাহিত্যের এক পরম সম্পদ। কতোভাবে মানুষকে শাণিত করা যায়, চেতনাকে সমৃদ্ধ করা যায়, প্রতিবাদের স্ফুলিঙ্গকে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় সেটি বাংলা কবিতার ধারাক্রম বিশ্লেষণ করলে স্পষ্ট হয়। বলা যেতে পারে এই জাতির স্বাধীকার-স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র আন্দোলনের সাথে এই কাব্যবিদ্রোহের ধারাটিও সমান গুরুত্বপূর্ণ ও নির্ধারক ছিল। বাংলা কাব্য সাহিত্যের এমনই নির্বাচিত ১৬ কবিতা আবৃত্তি করে শোনাল সুনামগঞ্জের প্রসেনিয়াম নামের এক সংস্কৃতি সংগঠন শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে। রবীন্দ্রনাথ থেকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পর্যন্ত ছিলো তাঁদের সীমানা। অবধারিতভাবেই ছিলেন বিদ্রোহের প্রতীক কাজী নজরুল। ছিলেন নির্মলেন্দু, আবু জাফর ওবায়দুল্লাহ, মাহবুবুল আলম চৌধুরী, অতুল প্রসাদ সেন, আহসান হাবীব, জীবনানন্দ দাস। সুসংবদ্ধ ও সুচয়িত ছিলো তাদের আবৃত্তির ধারাক্রম। কবিতার সাথে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মাল্টিমিডিয়া প্রজেক্টরে ছিলো অপূর্ব দৃশ্যায়ন। আবৃত্তিশিল্পীদের আন্তরিকতা ও দরদ ছিলো চোখে পড়ার মতো। সুনামগঞ্জে এমন একটি আবৃত্তিসন্ধ্যা উপহার দেওয়ায় কবিতানুরাগী দর্শকরা সোল্লাসে প্রসেনিয়ামকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসেনিয়াম নাটকের দল। তারা পথনাটক করে। নাট্যউৎসব করে। কবিতা আবৃত্তি করে। এইসব করে করে তাঁরা সকলের প্রত্যাশা ক্রমেই বাড়িয়ে তুলছে। শুক্রবারের আবৃত্তিসন্ধ্যা উপভোগকারীদের অনেকের কণ্ঠেই শোনা গেল অন্যরকম এক প্রত্যাশার কথা। অনেকেই বলছিলেন, কবিতার শহর গানের শহর এই সুনামগঞ্জ। লোকসংস্কৃতির সুতিকাগার এই ভাটির জনপদ। সুনামগঞ্জের কাব্যচর্চার ধারা অনেক সমৃদ্ধ। এখানে কবিতা চর্চা করেছেন বহু গুণীজন। তাঁদের অনেকেই জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত। সেই কবি প্রজেশ রায় বা তাঁর পূর্ব থেকে হালআমলের নবীন কবিটি পর্যন্ত চর্চার সেই ঐতিহ্যে রেখে চলেছেন সাধ্যমত অবদান। তো সুনামগঞ্জের সেই কবিদের কবিতা আবৃত্তি করুক এবার প্রসেনিয়াম। স্থানীয় কবিদের কবিতা নিয়ে একটি আবৃত্তি অনুষ্ঠান করার মতো চমকপ্রদ আয়োজনের মধ্য দিয়ে প্রসেনিয়াম বা অন্য কোন সংগঠন নিজেদের সফলতার শরীরে লাগাতে পারে অন্যরকম এক বর্ণিল পালক। এতে স্থানীয় কবিদের প্রতি যেমন সম্মান প্রদর্শন করা হয় তেমনি কবিতা চর্চায় জড়িতদের মধ্যে আসবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্বাধীনতা পরবর্তীকালে বিশেষ করে আশি ও নব্বই দশকে এই শহরে বহু প্রতিভাবান কবি নিজেদের কাব্যসৃষ্টির মধ্য দিয়ে জাতীয় অঙ্গনে সুনামগঞ্জকে মহিমান্বিত করেছেন। তাঁদের অনুকরণ ও অনুসরণ করে আজও নবীনরা সেই ধারাকে বয়ে চলেছেন। আবৃত্তি যেহেতু এখন একটি শিল্পমাধ্যম হিসাবে জনপ্রিয় সেহেতু স্থানীয় কবিদের কবিতাগুলো আবৃত্তিশিল্পীদের দ্বারা পরিবেশিত হলে সুনামগঞ্জের সাংস্কৃতিক বৈচিত্র আরও সমৃদ্ধ হবে।    প্রসেনিয়াম বা সুনামগঞ্জের অন্য কোন সংস্কৃতি সংগঠন কি এই দায়িত্বটি গ্রহণ করবেন?