স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের এম এ জাহের উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মারধর করে অজ্ঞান করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্দারবন্দ গ্রামের বাসিন্দা আবুল কালাম ভাতিজি সালমা আক্তার
(১৩)কে সঙ্গে নিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নির্যাতনের চিহ্ন দেখিয়ে সহকারী শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া ও পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমকে ছাত্রী নির্যাতনের বিষয়টি ছাত্রীর অভিবাবক জানালে তারা ঘটনাটি আমলে নেন নি। বরং তারা বলেন বিদ্যালয়ে লেখাপড়া করলে এ রকম মারধর করা হবেই।
অভিযোগে জানা যায়, সহকারী শিক্ষক কর্তৃক নির্যাতিত ছাত্রীকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে এম এ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়ার সঙ্গে মোবাইলে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম বলেন,বিদ্যালয়ের দুই ছাত্রী ঝগড়া করলে সহকারী শিক্ষক তাদের শাসন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘ছাত্রী নির্যাতনের বিষয়ে একখানা লিখিত অভিযোগ পেয়েছি এবং তার নির্যাতনের চিহ্ন সশরীরে দেখেছি। অভিযুক্ত শিক্ষককে নোটিশ করে ডাকা হবে।


