ডলুরা এলাকায় বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসন সীমানা নির্ধারণ করে দিয়েছেন। শনিবার জেলা প্রশাসন কর্তৃক এই সীমানা চিহ্নিত করে দেয়া হয়। এসময় বিজিবি ও পুলিশ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বালু উত্তোলনের সীমানা চিহ্নিত হওয়ায় বারকি শ্রমিকরা এখন আর বালু আহরণকালে অহেতুক হয়রানির শিকার হবেন না বলে ধারণা করা যাচ্ছে। চলতি নদীকে কেন্দ্র করে ডলুরা এলাকায় কয়েক হাজার বারকি শ্রমিক বালু আহরণ করে জীবিকা চালিয়ে থাকেন। সীমানা চিহ্নিত না থাকায় শ্রমিকরা প্রায়ই নানা ধরনের বিড়ম্বনায় পড়তেন। বহু শ্রমিকের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ জায়গার সীমানা চিহ্নিত করে দেয়ার জন্য আমরা জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানাই। শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে কেউ যাতে সীমানা লঙ্ঘন করে বালু আহরণে নিয়োজিত না হন। আইন মানার মধ্যেই এর স্বার্থকতা।
চলতি নদী থেকে বালু-পাথর আহরণে বোমা মেশিনের যথেচ্ছ ব্যবহারের কথা সকলের জানা। কিছু প্রভাবশালী ব্যক্তি এই কাজে নিয়োজিত থাকেন। মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হলেও বোমা মেশিনের আগ্রাসন বন্ধ করা যাচ্ছে না কিছুতেই। অভিযোগ রয়েছে বোমা মেশিন ব্যবহারের পিছনে সরকারি দপ্তরগুলোর কিছু পরোক্ষ সমর্থন রয়েছে। সরকারি দপ্তরের সমর্থন না থাকলে অবৈধ বোমা মেশিন ব্যবহার অব্যাহত রাখা কিছুতেই সম্ভব হত না বলে মতামত প্রবল। পরিবেশ আইন অনুসারে বোমা মেশিন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই যন্ত্র এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে। অন্যদিকে শ্রমজীবি বালু-পাথর আহরণকারীদের জন্য এই অবৈধ বোমা মেশিন অভিশাপস্বরূপ। বোমা মেশিন ছাড়াও সরু পাহাড়ি নদী পথে ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকার ব্যবহারও চলতি নদীর আরেক অভিশাপ। এর পেছনেও রয়েছে প্রভাবশালীদের হাত। এইসব ইঞ্জিনচালিত বাল্কহেডও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি করে থাকে ব্যাপকভাবে এবং বলা বাহুল্য এই যন্ত্রযানগুলো বারকি শ্রমিকদের জীবিকার জন্য বিশাল প্রতিবন্ধক। চলতি নদীতে বালু ও পাথর আহরণের সাথে জড়িত কয়েক হাজার বারকি শ্রমিক অবৈধ বোমা মেশিন ও বাল্কহেড নৌকা চলাচল নির্মূল করার জন্য ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছেন। সীমানা চিহ্নিত করার সাথে সাথে এই দুইটি অবৈধ প্রপঞ্চ যাতে নতুন করে পরিবেশ বিনষ্ট ও শ্রমজীবিদের জীবিকা নষ্ট করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকরী উদ্যোগ কামনা করি আমরা।
বোমা মেশিন ও বাল্কহেড নৌকা ব্যবহারের ফলে চলতি নদীর বালু-পাথরের উৎসে মজুদ কমে গেছে বলে বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করে আসছেন। পাহাড় থেকে প্রাকৃতিক নিয়মে যে বালু ও পাথর নি¤œাঞ্চলে এসে জমা হয় সেগুলো যদি যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে উত্তোলন ও পরিবহন করা হয় তাহলে মজুদ নিঃশেষিত হতে সময় লাগার যে কথা নয় এটি যে কেউ বুঝবেন। অথচ এই জায়গাটি ঐতিহাসিক কাল ধরে শ্রমজীবি বারকি শ্রমিকদের জীবিকা চালানোর অবলম্বন হিসাবে ভূমিকা রেখে আসছে। যন্ত্রের আগ্রাসন না হলে শ্রমজীবিরা সারা বছরই এই জায়গা থেকে নিজেদের পরিবার চালানোর মতো আয়-রোজগার করে বেঁচে থাকতে পারেন। এখন কিছু লোভী ব্যক্তি সোনার হাঁসের পেট চিঁড়ে একসাথে সব সম্পদ খেয়ে ফেলার যে তোরজোর করছেন তাতে আম-ছালা দুটো যাওয়ারই উপক্রম হয়েছে। সুতরাং কর্তৃপক্ষ যদি সময় থাকতে সজাগ না হন তাহলে জেলার অন্যতম অর্থকরী বালু-পাথর মহালটি পরিত্যক্ত হয়ে যাবে। শুধু চলতি নদী নয় জেলার অন্য যেসব মহাল রয়েছে সবগুলোতেই একই ধরনের অবস্থা বিদ্যমান। তাই ব্যবস্থা নিতে হবে সার্বিকভাবে। প্রাকৃতিক সম্পদকে যান্ত্রিক আগ্রাসনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

