প্রাথমিকের শ্রেণিকক্ষ আকর্ষণীয় করার উদ্যোগ জেলা ও শিক্ষা প্রশাসনের

স্টাফ রিপোর্টার
প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ে শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য শ্রেণিকক্ষ আকর্ষণীয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ করার কাজ চলছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে শিশুরা বিদ্যালয়মুখী হলে ঝরে পড়া কমবে।
রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সদর উপজেলার শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিশুদের সাথে সাধারণ জ্ঞান বিষয়ে পাঠদান করেন। এসময় তিনি বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার এবং প্রাক প্রাথমিক শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক সদর উপজেলার বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার’এর উদ্বোধন করেন ও শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে তিনি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আরো জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য ‘মুজিব বর্ষে’ জেলার ১০০০টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন, ১৪৬৬টি প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ সজ্জিতকরণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার আয়োজন, শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের পাঠ চর্চা ও প্রতিযোগিতা এবং ঝরে পড়ার হার কমানোর জন্য শ্রেণিকক্ষ ও পাঠদান কার্যক্রম আকর্ষণীয় করণের কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কাজ চলছে। তাছাড়া সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ডাস্টবিন প্রদান করা হচ্ছে। আগামী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তা অনুধাবনের জন্য প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগারে নিয়মিত ক্লাসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও পৃথক নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা কার্যকর করার কাজ চলছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার খানম এবং বারঘর ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।