সু.খবর ডেস্ক
২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ওই দিন অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসির ফল প্রকাশ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার বলেন, ২৯ ডিসেম্বর বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী।
এর আগে ২০১৪ সালে এই দুই পরীক্ষার ফল একই দিন প্রকাশ করা হয়েছিল। এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন জানান, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২৯ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে জেএসসি-জেডিসির ফলের অনুলিপি তুলে দেবেন। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি।
দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও দুই সমাপনী পরীক্ষার ফল জানা যাবে।


