স্টাফ রিপোর্টার
জেলার ৬টি সীমান্ত এলাকায় অভিযানে প্রায় পৌনে ছয় লক্ষ টাকার ভারতীয় কয়লা, চিনি এবং সিএনজি আটক করেছে ২৮ বিজিবি টিম।
জানা যায়, ডুলুরা বিওপির টহল দল ২৯ মার্চ বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের কাপনা থেকে ১০৮ কেজি ভারতীয় চিনি জব্দ করে। বনগাঁও বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর থেকে ৪৫ কেজি ভারতীয় চিনি এবং ১টি সিএনজি জব্দ করে। টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ১,৬০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। লাউরগড় বিওপির টহল দল বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান খেকে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
টেকেরঘাট বিওপির টহল দল ৩০ মার্চ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট থেকে ৪,২০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। চাঁনপুর বিওপির টহল দল বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার ৩৬০ টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান পিবিজিএম জানান, আটককৃত ভারতীয় কয়লা, চিনি এবং সিএনজি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


