স্টাফ রিপোর্টার
বিজিবির ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিভিন্ন সময়ে আটক ও উদ্ধারকৃত গাঁজা, বিড়ি ও দেশি-বিদেশি মদসহ প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। শনিবার দুপুরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক্যাম্পের ভেতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র
জানায়, গত ২০০৮ সালের ১৪ জুন থেকে ২০১৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ এর পরিচালক অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদের সঞ্চালনায় মাদকদব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবির উত্তর-পূর্ব অঞ্চলের (সরাইল) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ (পিএসসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবি সিলেট এর সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল্লাহ-আল-মামুন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,‘মাদকদ্রব্য দেশের যুবসমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ গোটা দেশকে এগিয়ে নিয়ে যাবার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামীর সুন্দর, নিরাপদ ও উন্নয়নশীল বাংলাদেশ দেখতে হলে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ এমনকি মাদক সেবন ও মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শুধু মাত্র বিজিবি বা অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পক্ষে মাদকদ্রব্যের চোরাচালান ও ব্যবহার বন্ধ করা সম্ভব নয়, মাদকদ্রব্য রোধে সমাজের সকলেকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ এর অতিরিক্ত পরিচালক ও উপ অধিনায়ক মেজর মাহবুব আলম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, এএসপি (দিরাই সার্কেল) ছুরত আলম, পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শোয়েব আহমেদ প্রমুখ।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ৩১৪০৯ বোতল বিভিন্ন প্রকারের মদ, ৩১২ বোতল বিয়ার, সাড়ে ১১ কেজি গাঁজা, ১০ লিটার বাংলা মদ ও ১০ হাজার ৯৮০ প্যাকেট নাসির বিড়িসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ৪ কোটি ৭৫ লক্ষ ৯ হাজার ২৫০ টাকা।


