সু.খবর ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যে নতুন ট্রফিটা উন্মোচিত হলো, সেটি দেখতে ঠিক চ্যাম্পিয়নস লিগ ট্রফির মতো। চ্যাম্পিয়নস লিগের আদলে ট্রফি উন্মোচন করে একটি বার্তা পৌঁছে দেওয়া হলো পরিষ্কারভাবেই—দেশের পেশাদার ফুটবল লিগের নতুন আসরটি এবার এ দেশের ফুটবলপ্রেমীদের কাছে আকর্ষণীয় ফুটবলের প্রতিশ্রুতি নিয়েই হাজির হচ্ছে।
দারুণ জাঁকজমকের সঙ্গে ট্রফির সঙ্গে উন্মোচিত হলো বিপিএলের নতুন লোগোও। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ উপলক্ষে হয়ে উঠেছিল দেশের ফুটবলারদের মিলনমেলা। সেখানে সবার কণ্ঠেই প্রত্যয় ছিল ফুটবলের সেই উত্তেজনাপূর্ণ দিনগুলো ফিরিয়ে নিয়ে আসার। নতুন মোড়কে আয়োজিত এবারের বিপিএল অনেক নতুনত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। এবারই প্রথম লিগের ১৩২টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে। লিগের ৭৫ শতাংশ ম্যাচ ঢাকার বাইরে আয়োজনের মধ্য দিয়ে লিগের উত্তেজনাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশব্যাপী।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ আয়োজনে রোমাঞ্চিত। চাইলেন সবার কাছ থেকে সহযোগিতা। আন্তর্জাতিক পর্যায়ে দেশের ফুটবলের সাফল্য নিশ্চিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদী তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিপিএলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেবি গ্রুপ ও নতুন আঙ্গিকে পেশাদার ফুটবল লিগ আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।
২৪ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। ঢাকা ছাড়াও এবারের বিপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে।
- ধোপাজানে দুই জায়গায় রয়েলিটি ব্যবসায়ীদের না দেয়ার সিদ্ধান্ত
- বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্র ইউনিয়ন


