ডাঃ মুরশেদ আলম
আবার এসেছো তুমি হে- প্রিয় বৈশাখ
তোমার আগমনে হৃদয় আন্দোলিত
চারিদিকে শুধু বাজিছে খুশির শাঁখ
স্বাগতম হে-প্রিয় বৈশাখ।
মাঠে মাঠে সোনালি ফসল মৌ মৌ গন্ধ
ধানের ডগায় হাওয়ার পরশ যেন নৃত্যপাগল ছন্দ
মন ভুলানো সে-গন্ধে হৃদয় আমার দোলায়
হিজলছায়ায় রাখালের উদাসী সুর-
কিশোরী বালিকার যেন দুরুদুরু বুক
ক্লান্ত কিষাণের তন্দ্রালু চোখ
মেঘের ভেলায় কেবলি ভাসে বঁধুয়ার মুখ
আকাশে উড়িছে শালিকের ঝাঁক
স্বাগতম হে- প্রিয় বৈশাখ।
হালসন হালখাতা, কিছু দিতে কিছু নিতে
কিছুতেই নেই কোনো মানা
পুরনো হিসাব চুকিয়ে মিটিয়ে যায় দেনা
কেউবা মুক্ত কারোবা রয়ে যায়
এমনি করেই যেন বহমান থাকে জীবনের লেনাদেনা।
হাটে হাটে বসেছে মেলা এসেছে নাগরদোলা, রেশমি চুড়ি রঙিনফিতা চুলের কাঁটা, এসেছে
পুতুলনাচ ভৈরবী যাত্রাপালা
সার্কাসের দল আছে সাপের খেলা
ধনীদের বিলাসী রসনা
পান্তা আর ইলিশ ভাজা
কিষাণের নিত্য ভোজন খাঁটি পান্তা আর কাঁচা লঙ্কা তাজা।
উৎসবে মেতেছে মানুষ
নাই কোনো ভেদাভেদ মানুষে মানুষে
আছে বুকভরা ভালবাসা
প্রাণে প্রাণে শুধু মিলনের ডাক
স্বাগতম তোমাকে হে- প্রিয় বৈশাখ।


