ফরিদপুর মেডিকেলে এক পর্দার দাম ৩৭ লাখ টাকা, তদন্তে এমপি মানিক

সু.খবর ডেস্ক
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে আইসিইউর (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রোগীকে আড়াল করে রাখার এক সেট পর্দার দাম পড়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা!
শুধু এ পর্দা নয়, কলেজের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় প্রায় ৪১ কোটি টাকার দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে এসব সরঞ্জাম কেনাকাটা করা হয়।
দেশের বহুল এই হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপির সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন মালামাল ক্রয়ের অনিয়ম দুর্নীতির বিষয় তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক করা হয়।
কমিটির সদস্যরা হয় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা.আ ফ ম রুহুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা.মনসুর রহমান, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুরকে।
কমিটিকে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের অনুরোধ করা হয়।
সূত্র : সিলেটভিউ২৪ডটকম