ফসলহানির প্রতিবাদে জেলা কৃষক দলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
অপরিকল্পিত ভাবে অসময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির কারণে ফসলহানির প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা কৃষকদল।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আকুল আলী, ফরিদ আহমদ, সিরাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ফসল রক্ষা বাঁধের প্রকল্পের টাকা কার কার পকেটে গেছে তার পাই পাই করে হিসাব দিতে হবে। হাওরের কৃষকদের ধান রক্ষার্থে কোটি টাকার যে ফসল রক্ষা বাঁধের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা কৃষকদের কাজে লাগছে না। হাওর এলাকায় কোন নতুন করে বাঁধ নির্মাণ করা হয়নি। পুরাতন বাঁধেই কিছুটা মাটি ফেলা হয়েছে। মানববন্ধনে বক্তারা সরকারের বরাদ্দকৃত টাকা সরকারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।