ফসলের প্রকৃত ক্ষতি নিরুপণ ও দুর্নীতির বিচার কাম্য

প্রতিদিনই পানিতে নিমজ্জিত হয়ে জেলার ছোট বড় হাওর ডুবে বিপুল ফসল হানি ঘটলেও সরকারিভাবে ক্ষয়-ক্ষতির তেমন কোন তথ্য পাওয়া যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক্ষেত্রে কার্যত কোন তথ্যই দিতে পারছে না। বরং দায়সারাগোছের কথা বলে তারা দায়িত্ব এড়াতে চাচ্ছেন। ফসলহানির এই দুর্যোগ মৌসুমে কৃষি ও হাওরের দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তরগুলোর প্রধান দায়িত্ব হলো উপদ্রুত অঞ্চলকে সার্বক্ষণিক তদারকির মধ্যে রেখে ঘণ্টায় ঘণ্টায় হালনাগাদ তথ্য বিভিন্ন কর্তৃপক্ষকে সরবরাহ করা। কেন জানি মনে হচ্ছে সরকারি সংস্থাগুলো ফসলহানির মূল কারণকে আড়াল করার একটি প্রচ্ছন্ন চেষ্টায় নিয়োজিত রয়েছেন। গণমাধ্যমে হাওরডুবির খবরগুলো পর্যালোচনা করলে দেখা যায় অতিবৃষ্টির কারণে বিভিন্ন ফসলরক্ষা বাঁধের অংশবিশেষ ভেঙে পড়ে বিপুল বেগে হাওরে পানি ঢুকেছে। মৌসুমের প্রথম দিকে অবশ্য বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়ে ফসলের ক্ষতি করেছিল। কিন্তু গত কয়েকদিন যাবৎ প্রধানত বাঁধ ভেঙেই হাওরগুলো ডুবতে দেখা যাচ্ছে। যেমন জেলার অন্যতম বৃহত্তম হাওর বলে বিবেচিত শনির হাওর ডুবেছে ঝালোখালি ও নান্টুখালি বাঁধ ভেঙে। ধর্মপাশায় সাতারিয়া-পাথারিয়া ও পাগলাখালি বাঁধ ভেঙে হাওর ডুবেছে। জগন্নাথপুরের নলুয়ার হাওরও ডুবেছে বাঁধ ভেঙে। শহরের সন্নিকটবর্তী জাওয়ার হাওর একইভাবে জলমগ্ন হয়েছে। কিন্তু প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বাঁধ ভাঙার বিষয়টি সামনে আনা হচ্ছে না। এটি পাউবোর বিপুল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার নামান্তর কিনা তা বুঝা মুশকিল কিন্তু জনসেবার জন্য নিয়োজিত প্রশাসনকে অবশ্যই প্রকৃত সত্য সর্বত্র তুলে ধরতে হবে। নতুবা একটি জেলার অর্থনীতির মেরুদ- ভেঙে ফেলার মতো অমার্জনীয় অপরাধ করেও পাউবো পার পেয়ে যেতে পারে। ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই এর বিভিন্ন পর্যায়ে সীমাহীন দুর্নীতি-অনিয়ম নিয়ে জেলার গণমাধ্যমগুলো সোচ্চার ছিল। আমরা বিশ্বাস করতে চাই না গণমাধ্যমে প্রকাশিত এসব সংবাদাদি যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত হয়নি। কিন্তু অবাক করা ব্যাপার হলো সময়মতো এই দুর্নীতি ঠেকাতে আদতে কারও কোন প্রচেষ্টা লক্ষণীয় ছিল না। এখন যখন হাওরে পানি ঢুকে পড়েছে তখন প্রাণান্ত পরিশ্রম করা তো একটি বিফল প্রয়াসরূপেই বিবেচিত হবে। এই ধরনের প্রয়াস দ্বারা জনমনের ক্ষোভ কিছুতেই প্রশমিত করা যাবে না।  
ফসল হারিয়ে জেলার কৃষককূল এখন দিশেহারা। তারা ভবিষ্যৎ চিন্তায় পাগলপারা। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক কর্তব্য। তবে এজন্য আগে থেকেই পদ্ধতিগত প্রক্রিয়াগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই লক্ষে জেলার বিভিন্ন হাওরে ফসলহানির ফলে ক্ষয়-ক্ষতির প্রকৃত তথ্য নিরুপণ করা আবশ্যক, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিও এ্র আওতায় থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে একটি উপযুক্ত কর্মপরিকল্পনা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে ক্ষতিপূরণের সামান্য ব্যবস্থা করা উচিত। সরকারের কাছে প্রকৃত তথ্য না জানালে উপযুক্ত পুনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হবে না। এর পাশাপাশি বিভিন্ন হাওরে বাঁধ ভাঙার কারণ উদঘাটনের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে দোষীদের তালিকা প্রস্তুত করে এদের বিচারের আওতায় আনাও অপরিহার্য। এটি সুশাসন নিশ্চিত করার জন্য দরকার। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষার জন্য সরকার বিপুল অংকের অর্থ বরাদ্দ করেছেন। সেই টাকা কাজে না লেগে কারও পকেটে ঢুকে যাবে আর এজন্য আমাদের কৃষকদের ঘামঝরানো সোনাফসল পানিতে তলিয়ে যাবে, এরকম অন্যায় কাজ কিছুতেই এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। আমরা সরকারের প্রতিটি দায়িত্বশীল সংস্থার নিকট থেকে প্রকৃত সত্যের উন্মোচন কামনা করি।