ফসল রক্ষায় রাস্তায় নামতে বাধ্য করবেন না -অ্যাড. শামীমা

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার শনিবার দুপুরে জামালগঞ্জের হালির হাওর ও শনির হাওরের বিভিন্ন বেড়িবাঁধ পরিদর্শন করে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের লোকজনের সাথে উঠান বৈঠক করেছেন। পরে বিকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পৈন্ডুব বাজারে স্থানীয় লোকজনের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে অতি দ্রুত বাঁধের কাজ শেষ করার অনুরোধ জানিয়ে বলেন,‘ সৃষ্টিকর্তার দোহাই, আর সময় নষ্ট করবেন না। দয়া করে দ্রুত কাজ শেষ করুন। জনগণকে আতংকিত রাখবেন না। বাঁধের পাড়ে আমাদের মা-বোনকে নিয়ে যাবেন না। ফসল রক্ষায় আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। স্থানীয় জনপ্রতিনিধি, ঠিকাদারসহ বাঁধের কাজে জড়িত সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন,‘আপনারাও আমাদের লোক, দয়া করে আপনারা নিজের পরিবারের কথা মনে করে বাঁধের প্রতি আন্তরিক হোন।’ তিনি  প্রতিটি বাঁধের জন্য ফসল রক্ষা কমিটি গঠন করে বাঁধের কাজ  তদারকি করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহবান জানান।
পৈন্ডুব বাজারে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সফর আলী, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার,  স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, যুগ্ম আহবায়ক শামসুল আলম, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকবুল আফিন্দী,বেহেলী ইউপি সদস্য মনু মিয়া, শামসুদ্দিন মিয়া।  
উপস্থিত ছিলেন মানিক মিয়া, জালাল উদ্দিন, আব্দুল মোতালিব, ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান তারেক, রাসেল, নাজমুল,রবিন, ইব্রাহিম, আল আমিন, জুয়েল, বাদশা প্রমুখ।
পরে সন্ধ্যায় বেহেলী বাজারে আরেকটি সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. শামীমা শাহয়িরার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেহেলী ইউপির সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু, খন্দকার নজির আহমেদ, ডা. পিযুষ রায়, রইছ উদ্দিন, হরেন্দ্র রায়, বেহেলী ইউপি সদস্য খোকন মিয়া, আ. হাসিম, প্রণব কান্তি রায়, বিউটি রানী পাল, মনেছা বেগম প্রমুখ।