দিরাই প্রতিনিধি
সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই সপ্তাহে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতসহ আগাম বন্যার আশংকা রয়েছে। চলমান করোনা সংক্রমণের ফলে বিশ্বে কৃষি ও অকৃষি উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে। হাওরাঞ্চলে উৎপাদিত ধান রক্ষা করা না গেলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য কৃষকদের দ্রুত ধান কাটতে হবে।
তিনি বলেন, সরকার ধান কাটার মেশিন দিয়েছে। প্রয়োজনে অন্য এলাকার কম্বাইন্ড হারভেস্টর এবং রিপার মেশিন সেসব নিয়ে আসা হবে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ শ্রমিক আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। শ্রমিক পরিবহনের প্রয়োজনীয় সকল সাপোর্ট দেয়া হবে। ধান কাটা শ্রমিকদের ত্রাণসামগ্রী প্রদান করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ধান কাটার জন্য এগিয়ে আসতে হবে।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত দিরাই উপজেলার বারম ও চাপতির হাওরে কৃষকদের ধান কাটায় উদ্বুদ্ধ করতে এবং হাওর রক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত চিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসিফ ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল, পাউবোর সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. নিজামুল হক ভূইঁয়া, অতিরিক্ত পরিচালক নিবাস দেবনাথ, নির্বাহী প্রকৌশলী সাবিবুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিন আলম, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়া প্রমুখ।


