ফসল রক্ষা বাঁধ নির্মাণ- বর্ধিত সময়েও কাজ শুরু করেনি পিআইসিরা

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে পাউবোর ফসল রক্ষা বাঁধের কাজের সময় সীমা শেষ। শনি ও মাটিয়ান হাওরে পিআইসিরা হাওর উন্নয়ন কমিটর লোকজনের কাছে সময় চেয়েও এখনো কাজ শুরু করেননি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, ২৮ ফেব্রুয়ারি মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁেধর কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কিন্তু ২৮ ফ্রেব্রুয়াি পেরিয়ে গেলেও শনির হাওরে লালুর গুয়ালা, পুটি চোরা ক্লোজার বাঁধ, নান্টুখালি, ঝালখালি, সাহেবনগর, বারুঙ্কা, ইকরামপুর আপর বাঁধ, মাটিয়ান হাওরে পাচনালিয়া, বড়দল নতুন হাটি স্কুলের বাঁধ, আলমখালি, মেশিন বাড়ি, টকাটুকিয়া,  শয়তানখালি, বনুয়া ফসল রক্ষা বাধের কাজ সংশ্লিষ্ট পিআইসিরা ২৮ ফেব্রুয়ারি মধ্যে শেষ করতে পারেন নি। মঙ্গলবার মাটিয়ান হাওরপারে হাওর সংক্রান্ত এক জরুরী সভায় হাওর উন্নয়ন কমিটির লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের কৃষকদের কাছে পিআইসিরা ১ সপ্তাহের মধ্যে কাজ সমাপ্ত করবেন বলে সময় চেয়ে নেন।
অপরদিকে মাটিয়ান হাওরের সিরারগাঁও আপর বাঁধে ঠিকারদার কর্তৃক ৫ ফুট উচ্চতায় ৩ কিলোমিটর মাটি ফেলার কথা থাকলেও এখন পর্যন্ত কোন কাজ করেননি। তবে সুনামগঞ্জ পানিউন্নয়ন বোর্ড উপ সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, প্রকল্পটি ২০১৬ সালে ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করে কাজ প্রদান করা হয়েছিল আতিকুর রহমান ঠিকারদারকে। ঐ ঠিকাদার গত বছর কাজ না করায় তাকে বিল দেয়া হয় নি। চলতি বছর ঐ ঠিকাদার সঠিকভাবে কাজ করলে তাকে বিল প্রদান করা হবে।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আতিকুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঐ কাজের ঠিকাদার নই।
সরেজমিনে সিরারগাঁও আপরবাধে গিয়ে দেখা যায়, ২ ইঞ্চি করে ২ শতাধিক ফুটের মত স্থানে কোন রকম মাটির কাজ করা হয়েছে।
এলাকাবাসী ও কৃষকদের অভিযোগ পাউবো হাওরের অগুরত্বপূর্ণ স্থানে  দুর্নীতি করার জন্য বেশী বরাদ্দ প্রদান করে ঠিকাদার দিয়ে কাজ করায় আর গুরুত্বপূর্ণ ক্লোজার বাঁধে পিআইসি দিয়ে কাজ করায়।
মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি সদস্য জয়নাল আবেদিন, সাজিনুর মিয়া, ডালিম মিয়া মঙ্গলবার মাটিয়ান হাওর পাড়ে হাওর সংক্রান্ত জরুরী সভায় হাওর উন্নয়ন কমিটির কাছে ১ সপ্তাহের মধ্যে কাজ        
সমাপ্ত করবেন বলে সময় চেয়ে নেন এবং উপস্থিত সবার কাছে অঙ্গিকার করেন।  
মাটিয়ান হাওর পার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, পিআইসিরা সময় চেয়ে নিলেও ঠিকাদাররা এখনো বাঁধে মাটির কাজ শুরুই করেননি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী  রঞ্জন কুমার দাস বলেন, কাজ সমাপ্ত না করলে কোন ঠিকাদার বা পিআইসকে বিল প্রদান করা হবে না।
সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খাঁন বলেন, পিআইসিরা কাজ শেষ করার জন্য আরো ৭ দিন সময় চেয়েছেন হাওর উন্নয়ন কমিটির কাছে।
তাহিরপুর উপজেল পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, সময়সীমা পেরিয়ে গেলেও তাহিরপুরে এখনো বাঁধের কাজ সমাপ্ত করতে পারেনি। পিআইসি ও ঠিকাদাররা এখনো বাঁধের কাজ শুরুই করেনি, আমি সরেজমিন বিভিন্ন বাঁধ ঘুরে দেখেছি।