ফাইনালে ইংল্যান্ড

সু.খবর ডেস্ক
লড়াই-টড়াই আতো কিছু বোঝেন না জেসন রয়। ইংলিশ এই ওপেনারের ঝড়ের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলাতে টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হট ফেভারিট নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে স্বপ্নে ফাইনালে উঠল ইংল্যান্ড। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দলের সাথে ৩ এপ্রিল কলকাতায় ফাইনাল খেলবে রুট-মরগানরা।
জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১৫৩ রানের বেশ হৃষ্টপুষ্ট লক্ষ্য রেখেছিল কেন উইলয়াসমনের নিউজিল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের ঝড় আর পরে রুটের ধৈর্যশীল ইনিংসে কাছে ৭ উইকেট হার মানে সুপার টেনে একটিও ম্যাচ না হারা নিউজিল্যান্ড।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ৪ ওভারেই ৫০ রান তুলে ফেলে ইংল্যান্ড। অ্যালেক্স হ্যালেস বুঝেশুনে খেললেও রয় ছিলেন আগ্রাসী। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রয়। দলীয় ৮১ রানে প্রথম উইকেট হারায় ইংলিশরা। ১৯ বলে ২০ রান করে আউট হন অ্যালেক্স হ্যালেস। তবে থামেননি রয়। একের পর চার ছয় মেরে কিউই বোলারদের অসহায় করে তোলেন তিনি।
দলীয় ১১০ রানে ব্যক্তিগত ৭৮ রান করে আউট হন রয়। ঈশ শোধির বলে বোল্ড হবার আগে ১১টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এরপরের বলে লেগ বিফোর হয়ে ফিরে আসেন ইয়ন মরগান। তবে জো রুট আর বাটলার মিলে ১৮ বল বাকি থাকতেই ইংলিশদের জয় নিশ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে প্রথমেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১৭ রানে ফিরে যান মার্টিন গাপটিল। ১২ বলে ১৫ রান করেন গাপটিল। এরপর জুটি বাধেন কলিন মুনরো ও অধিনায়ক কেন উইলয়ামসন।
ষষ্ঠ ওভারেই দলীয় ৫০ রানের কোটা পার করে নিউজিল্যান্ড। ৫০ বলে ৭৪ রানের জুটি গড়েন এই দুজন। তবে দলীয় ৯১ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৮ বলে ৩২ রান করে মঈন আলীর বলে আউট হন উইলিয়ামসন।
দলীয় ১০৭ রানে ফির যান কলিন মুনরো। ৩২ বলে ৪৬ রান করেন মুনরো। এরপর দ্রুতই ফিরে যান রস টেলর। অপরপ্রান্তে কোরে অ্যান্ডারসন থাকলেও তিনি দ্রুত রান নিতে পারছিলেন না। শেষের দিক বেশ কয়েকটি উইকেট হারালে ১৫৩ রানেরই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ডের বেন স্টোকস নেন দুটি উইকেট। এছাড়া ক্রিস জর্ডান, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট ও মঈন আলী একটি করে উইকেট নেন।
ইংল্যান্ড দল: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জস বাটলার, ইয়ন মরগান, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট।
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনি, ঈশ শোধি ও মিচেল ম্যাকক্লেনাঘান।