স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগের সবচেয়ে বড় রানীগঞ্জ সেতুর উদ্বোধন হয়েছে। শুরু হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ। বঙ্গবন্ধুর নামে মেডিকেল কলেজে, টেক্সটাইল ইন্সটিটিউট, বিটাক’র, দুইটি নার্সিং কলেজের কাজ চলছে। জগন্নাথপুরে এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউটের কাজ শুরু হবে। দিরাই—শাল্লা সড়ক একনেকে অনুমোদন লাভ করেছে। সুনামগঞ্জ থেকে নেত্রকোণা উড়াল সড়কের টেন্ডার হয়েছে। একুশে পদকে ভূষিত হয়েছেন জেলার কৃতি সন্তান ঝর্ণা দাশ পুরকায়স্থ। সুনামগঞ্জে রেললাইনের কাজও চলছে। চলে যাওয়া বছরে অনেক সুখবর আমাদের আনন্দিত করেছে আবার অনেক ঘটনা আমাদের বিমর্ষ করেছে। বছর শেষে ২০২২ সালে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনা —
নার্সিং কলেজ
সুনামগঞ্জে প্রায় একশ কোটি টাকা ব্যয়ে একসঙ্গে দুইটি বিএসসি নার্সিং কলেজ হচ্ছে। তিন বছর পর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর ১২০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে। দুটি নর্সিং কলেজের একটি সুনামগঞ্জ শহরের আলীপাড়ায়, আরেকটি সদর উপজেলার কাঠইরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ক্যাম্পাসে।
‘একুশে পদক’ এ ভূষিত ঝর্ণা দাশ পুরকায়স্থ
সাহিত্যে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন ঝর্ণা দাশ পুরকায়স্থ। ধর্মপাশা উপজেলার সুখাইড় গ্রামের জমিদার পরিবারে জন্ম। একাধারে তিনি কথা সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গীতিকারৃ। লিখছেন ছয় দশকেরও বেশি সময় ধরে। তাঁর লেখার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ। প্রকৃৃতি ঘনিষ্ঠতা তাঁর রচনার অন্যতম দিক। শিশু মনন্তত্ত্বের স্বচ্ছ ও সাবলীল প্রকাশে বিভাময় তাঁর শিশু সাহিত্য। পাশাপাশি নবীন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে ভূমিকা রেখে চলেছেন তিনি।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪ জুন চার বছরের জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস—চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. ড. আবু নঈম শেখ। ৪ আগস্ট তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে জেলা প্রশাসকের পছন্দ করা জমিতেই বিশ^বিদ্যালয় স্থাপনে সম্মতি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রীসহ জেলার ছয় সংসদ সদস্য। আহসানমারা সেতুর পূর্ব দিকে উত্তর—দক্ষিণ দুই পাশে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইড় মৌজায় এই জমি নির্বাচন হয়েছে।
দিরাইয়ে মৎস্য অবতরণ কেন্দ্র
প্রকল্পটি দিরাই উপজেলার রাজানগর—জাহানপুর ব্রীজের পাশে রাজানগর অংশে এক একর ভূমিতে গড়ে উঠছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ২৪ লক্ষ টাকা। যা হাওর অঞ্চলের অন্যতম মৎস্য সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখবে। নির্মিত হবে ১৭ হাজার বর্গফুটের (দ্বিতল) মাল্টিপারপাস ভবন। থাকছে ১৫ টন ক্ষমতা সম্পন্ন বরফ কল এবং ২০ টন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ। এছাড়াও ৪ টি গ্রীণ হাউজ মেকানিক্যাল ড্রায়ার এবং ৪ টি সোলার মিনিগ্রীড চালিত ড্রায়ার স্থাপন, ২টি জেনারেটরসহ ১টি বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন রয়েছে প্রকল্পের পরিকল্পনায়। বছরে ৬ হাজার ৮শ’ টন মাছ স্বাস্থসম্মতভাবে অবতরণ ও প্যাকিং, ৪ হাজার ৫০ টন বরফ উৎপাদন। বছরে ৮১০ টন মাছ হিমাগারে সংরক্ষণ সুবিধা এমনকি ২৫২ টন নিরাপদ শুটকি মাছ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ: ১১ জনের বিচার শুরু
১২ মে একাত্তরে গণহত্যা, হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১১ আসামির মধ্যে মোহাম্মদ জুবায়ের হোসেন মনির, মো. জাকির হোসেন, মো. সিদ্দিকুর রহমান, মো. তোতা মিয়া টেইলার শাল্লার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া মো. আব্দুল জলিল ও মো. আব্দুর রশিদ একই দিরাই থানার বাসিন্দা। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। মামলার বাকি আসামিরা পলাতক। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে দিরাই ও শাল্লার বিভিন্ন এলাকায় ৩৪ জনকে হত্যা, পাঁচ নারীকে ধর্ষণ, ৩০টি বাড়িঘরে অগ্নিসংযোগ, ৩১ জনকে অপহরণ ও ১৪ জনকে নির্যাতনের চারটি অভিযোগ আনা হয়েছে।
দিরাই—শাল্লা সড়ক একনেকে অনুমোদন
১৪ জুন ‘মদনপুর—দিরাই—শাল্লা—জলসুখা—আজমিরীগঞ্জ জেলা মহাসড়কের (জেড—২৮০৭) দিরাই—শাল্লা অংশ পুনঃনির্মাণ’ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। মহাসড়কের দিরাই—শাল্লা অংশের নির্মাণ ব্যয় ৬২৮ দশমিক ৫৪ কোটি টাকা। কালভার্টের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত এবং নৌ—চলাচল বিঘ্নিত হওয়ায় প্রস্তাবিত কালভার্টের স্থানে সেতু নির্মিত হবে— এই শর্তে প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন দেন। হাওর এলাকায় অনেক দিনের লালিত স্বপ্ন হচ্ছে সুনামগঞ্জ—মদনপুর—দিরাই—শাল্লা—জলসুখা—আজমিরীগঞ্জ—হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প।
সুদের টাকা শোধে জীবন গেলো
স্থানীয় দুই সুদখোরের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন তাহিরপুর উপজেলার পাতারী গ্রামের ফয়সাল আহমেদ সৌরভ (৩০)। এজন্য তিন লাখ টাকা সুদ দিয়েছেন। কিন্তু সুদখোরদের দাবি আরো সাড়ে তিন লাখ টাকা। এ কারণে গত বৃহস্পতিবার ফয়সালের পাথর বোঝাই নৌকা আটকে দেয় এক সুদখোর। নিরুপায় হয়ে বাড়ি ফিরে ১৮ আগস্ট সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দেন। রাত ৮টায় গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন। নিহত ফয়সাল আহমেদ উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারী গ্রামের আজিজুর রহমান ওরফে মকদ্দসের বড় ছেলে। ‘ফাইজা’ নামে তিন মাস বয়সী একজন কন্যা সন্তান রয়েছে তার। এ ঘটনায় নিহত ফয়সাল আহমেদ সৌরভের পিতা আজিজুর রহমান বাদী হয়ে দুই সুদখোরের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা করেন।
অংক দৌঁড়ে দেশের সেরা রিজু
১০ সেপ্টেম্বর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এ ছেলেদের অংক দৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশের সেরা হয়েছে শাল্লা উপজেলার রিজু দাস। সে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শিশুর পায়ে সুইয়ের টুকরো রেখে ছাড়পত্র
২৭ আগস্ট শিশু নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় তাসনিহাকে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের শিশু চিকিৎসক ডা. এনামুল হক খান শিশুটির চিকিৎসা দেন। কর্তব্যরত নার্স তাসনিহার বাম পায়ে ইনজেকশন করেন। এরপর বেলা ১১টায় শিশুটির পা হঠাৎ করে ফুলে উঠে। বিষয়টি ডা. এনামুল হক খানকে জানানো হলে, পা ফোলা কোন সমস্যা নয়, ঠিক হয়ে যাবে বলে শান্তনা দেন। পরদিন ২৮ আগস্ট সকালে ডা. এনামুল হক খান শিশুটিকে ছাড়পত্র দিয়ে বিদায় করে দেন। শিশু তাসনিহার পায়ে সুই গেথে রয়েছে এমন সন্দেহ হওয়ায় হাসপাতালের পাশের একটি ক্লিনিকে গিয়ে ডা. বিশ্বজিৎ গোলদারকে দেখান। ডা. বিশ্বজিৎ গোলদার শিশুটিকে দেখে তাদেরকে জানান, শিশুটির পায়ে ইঞ্জেকশনের সুই বিদ্ধ রয়েছে। সিলেটে যাওয়ার পরামর্শ দেন। সুই বিদ্ধ থাকার কারণে অতিরিক্ত ব্যাথা হলে পরদিন (২৯ আগস্ট সোমবার) সকালে আবারও সদর হাসপাতালে ভর্তি করা হয় তাসনিহাকে। ওই দিন সকাল সাড়ে ১০ টার সময় পুনরায় ডা. এনামুল হক খান সিলেটে যাওয়ার পরামর্শ দিয়ে আবারও ছাড়পত্র ইস্যু করার চেষ্টা করেন। এসময় শিশু তাসনিহার মা—বাবা সিলেটে চিকিৎসার সামর্থ নেই বলে ডাক্তার ও নার্সদের চিকিৎসার অনুরোধ করলে কোন ধরনের চিকিৎসা করা হয় নি। হাসপাতালের কর্মচারীরা তাসনিহার পরিবারকে দুই হাজার টাকা দিয়ে সিলেট চলে যাওয়ার জন্য বলেছিলেন। চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ৩০ আগস্ট মঙ্গলবার বিকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুকে নিয়ে যান বাবা। এক বছর বয়সী শিশুর নাম তাসনিহা আক্তার সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের আলমপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ
১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। চেয়ার মাথায় উঠিয়ে ইটপাটকেলের আঘাত থেকে রক্ষা পান মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতারা। এদিকে সমাবেশস্থলে এসে মৃত্যু হয় আজমল হোসেন চৌধুরী নামের এক তরুণের। একমাস আগে জগন্নাথপুরের কনের সঙ্গে আকদ হয়েছিল তার। প্রায় ১০ বছর দুবাইয়ে থাকা এই তরুণ আওয়ামী লীগের সম্মেলনস্থলে গিয়েছিলেন। ডাক্তাররা বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সে।
৬ মাস ধরে অনুপস্থিত দায়িত্বশীলরা
ছয় মাসে একদিনও ক্লিনিকে আসেননি স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী। নানা অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে নিজের দায়িত্ব পালনে ফাঁকিবাজি করতেন তারা। চলতি বছরের মার্চ মাস থেকে এই পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর নেই তাদের। নিয়মানুযায়ী, সপ্তাহে তিনদিন অফিস করার কথা স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীর। দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীদের চিকিৎসা সেবা বিঘ্নিত হয়েছে। এছাড়া নানা অবব্যস্থাপনা এবং দায়িত্বহীনতার কারণে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে দোয়ারাবাজারের সীমান্ত এলাকার মানুষ। এসব বিষয়ে নজরদারি নেই যথাযথ কর্তৃপক্ষেরও। দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া কমিউনিটি ক্লিনিকের এমন দুরাবস্থার চিত্র দেখা যায়।
রানীগঞ্জ সেতুর উদ্বোধন
৭ নভেম্বর জেলায় ১৭টি নতুন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু। এতে ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব ৫২ কিলোমিটার কমেছে।
যাদুকাটা সেতু কাজ চলছে ডিমেতালে
জাদুকাটা নদীর উপর সিলেট বিভাগের দীর্ঘ সেতুর কাজ চলছে ডিমেতালে। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ডিসেম্বরে। কাজের বর্ধিত সময়ও শেষ হয়েছে গত জুন মাসে। দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ শুল্কবন্দর বড়ছড়া, চারাগাঁও এবং বাগলিকে সড়ক পথে যুক্ত করা। তাহিরপুর সীমান্তের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুল বাগানসহ পর্যটন আকর্ষনীয় স্থানগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করার লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দরপত্রের সকল প্রক্রিয়া শেষে ২০১৮ সালের এপ্রিল মাসে ৭৫০ মিটার দীর্ঘ যাদুকাটা সেতুর কাজ শুরু হয়েছিল। গত বন্যার পর কর্ম এলাকায় ঠিকাদারের দেখভালকারী দু—চার জন শ্রমিক ছাড়া কেউ—ই নেই।


